ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বয়স বৃদ্ধি ও বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর সুপারিশ হেডফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার সিলেটে স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু, মরদেহর ময়নাতদন্ত না করতে চিরকুট! রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ: এনবিআরের লক্ষ্য কতটা বাস্তবসম্মত? ভূমিকম্পে ক্ষতির বড় কারণ শুধু কম্পন নয়, বরং খারাপ মানের ডিজাইন ও নির্মাণ পাকিস্তানে টিটিপি’র হামলায় ৬ আধাসামরিক বাহিনীর সদস্য নিহত চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, শৃঙ্খলা ফেরাতে ৬ নির্দেশনা জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক সালাম চীনের পরিবেশবান্ধব গাড়ি রপ্তানি দ্বিগুণ বেড়েছে শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু ডাক সেবায় আসছে অটোমেশন পদ্ধতি: ডাক ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী চীনের উসিতে চালু হলো ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল প্রশিক্ষণ মাঠেই থেমে গেল এসআই জীবন রহমানের জীবনযাত্রা তানিয়া বৃষ্টির মৃত্যুর খবরে যা জানা গেল বাড়ি নির্মাণে ঋতুপর্ণাকে অর্থ সহায়তা দিলেন প্রধানমন্ত্রী নীরবতার কণ্ঠস্বর ‘ভাসানে উজান’ মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’ ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ নেতাকর্মীর নামে মামলা, আটক ৩ টেলিমেডিসিনের গুরুত্ব বর্তমানে বৈধ সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ: টেলিযোগাযোগ মন্ত্রী সংসদ সদস্যের পদ ছাড়ছেন কোয়েল বিচার চাইব কার কাছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক আরও ঝলমলে রঙিন হচ্ছে পাহাড়ি শহর ছোংছিংয়ের রাত আয় বাড়ছে কিন্তু বরকত কমছে কেন? নাটোরে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ ফ্রিতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য প্রতিমন্ত্রী বিদেশে শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ
Nagad desktop

জাল নোটের প্রচলন রোধে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে অর্থমন্ত্রী

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১১:১৭ পিএম
জাল নোটের প্রচলন রোধে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে অর্থমন্ত্রী
সংসদে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

দেশে জাল নোটের প্রচলন রোধে শক্তিশালী আইনগত কাঠামো, আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য এবং সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে জাল নোটের প্রবণতা নিয়ন্ত্রণের পাশাপাশি তা নির্মূল করা সম্ভব হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান।

নোটিশে নতুন ডিজাইনের ব্যাংক নোটে ত্রুটি, নিম্নমানের গ্রাফিক্স ও নিরাপত্তা বৈশিষ্ট্যের ঘাটতির কারণে জাল নোটের প্রবণতা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে জাল নোট বিস্তার ও ত্রুটিযুক্ত নোট প্রচলনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে সংসদীয় কমিটি গঠনের প্রস্তাবও দেওয়া হয়।

এর জবাবে অর্থমন্ত্রী জানান, জাল নোট প্রতিরোধে একটি খসড়া আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে। প্রস্তাবিত আইনে জাল নোট তৈরি বা প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। আইনটি কার্যকর হলে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক আধুনিক প্রযুক্তির মাধ্যমে নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য উন্নত করছে এবং বাজারে মানসম্মত নোট সরবরাহ নিশ্চিত করছে। নতুন সিরিজের ব্যাংক নোটে উন্নত নিরাপত্তা ব্যবস্থা সংযোজন করা হয়েছে এবং তা দেশের ঐতিহ্য ও স্থাপত্যের অনুপ্রেরণায় ডিজাইন করা হয়েছে।

অর্থমন্ত্রী জানান, প্রযুক্তিগত কোনো ঘাটতি থাকলে তা পর্যালোচনা করে দ্রুত সমাধান করা হবে। পাশাপাশি জাতীয় মুদ্রার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আইনগত, প্রযুক্তিগত ও প্রশাসনিক পদক্ষেপ আরও জোরদার করবে।

এলিস/এসএন

বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বয়স বৃদ্ধি ও বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর সুপারিশ

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:৩৮ পিএম
বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বয়স বৃদ্ধি ও বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর সুপারিশ
খবরের কাগজ গ্রাফিকস

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি এবং বেসরকারি মেডিকেল-ডেন্টাল ও হাসপাতালে কর্মরত চিকিৎসকদের জন্য একটি যৌক্তিক ও সম্মানজনক বেতন কাঠামো নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বিসিপিএস-এর পরীক্ষা ফি কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরে আন্দোলনরত ইন্টার্ন ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পৃথক তিনটি পরিপত্র ও অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক পরিপত্রে জানানো হয়, ৮ জুনের মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো ওই চিঠিতে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

বেসরকারি চিকিৎসকদের জন্য নতুন বেতন কাঠামো কমিটি
এদিকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অপর এক অফিস আদেশে জানানো হয়, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল ও ডেন্টাল কলেজসমূহের এন্ট্রি লেভেলে কর্মরত চিকিৎসকদের জন্য একটি যৌক্তিক, সমন্বিত ও সম্মানজনক বেতন কাঠামোর খসড়া তৈরি করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে আহ্বায়ক এবং এই অধিদপ্তরের মানব সম্পদ ব্যবস্থাপনা পরিচালককে সদস্য সচিব করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা), স্বাস্থ্য শিক্ষা বিভাগের যুগ্মসচিব (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল)-কে।

সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এই আদেশে কমিটিকে আগামী ২০ কার্যদিবসের মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা করে বিদ্যমান বেতন-ভাতা পর্যালোচনাপূর্বক প্রয়োজনীয় সুপারিশসহ খসড়া প্রতিবেদন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষার ফি যৌক্তিকীকরণের নির্দেশ
একই দিনে মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে জারি করা পৃথক আরেকটি চিঠিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর আওতাধীন বিভিন্ন কোর্সের পরীক্ষার ফি দ্রুততম সময়ের মধ্যে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

উক্ত চিঠিতে বলা হয়, ৮ জুনের যৌথ বিবৃতির আলোকে বিসিপিএস এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা দেবে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়ে মন্ত্রণালয়কে অবহিত করতে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিসিপিএসের অনারারি সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের উপস্থিতিতে ইন্টার্ন ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধিদের সাথে দীর্ঘ বৈঠকের পর এই যৌথ সিদ্ধান্তগুলো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলো। 

জয়ন্ত সাহা/এসএন

শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:০৯ পিএম
শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

শেয়ারবাজারে অনিয়ম, কারসাজি ও বিতর্কিত লেনদেনের ঘটনায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১ হাজার ৪৯৬ কোটি ৬৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

একই সঙ্গে সাবেক বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ সংশ্লিষ্ট অনেকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার তথ্যও তুলে ধরা হয়।

মঙ্গলবার (৯ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান। 

তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর পুনর্গঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারের ১২টি আলোচিত ঘটনার ওপর অনুসন্ধান ও তদন্ত চালিয়েছে। এসব তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

অর্থমন্ত্রী জানান, বেক্সিমকো গ্রিন সুকুক আল ইস্তিসনা বন্ড সংক্রান্ত তদন্তে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবনের জন্য পুঁজিবাজার-সংশ্লিষ্ট সব কার্যক্রমে অংশগ্রহণে নিষিদ্ধ করা হয়েছে। একই ঘটনায় সাবেক কমিশনার শামসুদ্দিন আহমেদকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। তদন্তে দুর্নীতি ও সম্ভাব্য অর্থপাচারের অভিযোগ পাওয়ায় বিষয়টি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে।

আইএফআইসি গ্যারান্টিড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড সংক্রান্ত তদন্তে সালমান এফ রহমানকে আজীবনের জন্য পুঁজিবাজারে নিষিদ্ধ করার পাশাপাশি ১০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। তার ছেলে ও আইএফআইসি ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমানকে ৫০ কোটি টাকা জরিমানাসহ আজীবন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরওয়ারকে পাঁচ কোটি টাকা জরিমানা করা হয়।

সংসদে দেওয়া তথ্যে আরও বলা হয়, কোয়েস্ট বিডিসি লিমিটেড সংক্রান্ত ঘটনায় এলআর গ্লোবাল বাংলাদেশ লিমিটেডের মিউচ্যুয়াল ফান্ড ব্যবস্থাপনার দায়িত্ব বাতিল করা হয়েছে এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রিয়াজ ইসলামের বিরুদ্ধে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফরচুন শুজ লিমিটেড সংক্রান্ত ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

অর্থমন্ত্রী জানান, ১৩ মে ২০২৬ পর্যন্ত শেয়ারবাজার কেলেঙ্কারি ও বাজার কারসাজি নিয়ে ১১৪টি অনুসন্ধান, ১২টি তদন্ত এবং ৬৪টি পরিদর্শন সম্পন্ন হয়েছে। একই সময়ে ৬৭৫টি এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং ১৬টি বিষয় তদন্তের জন্য দুদকসহ বিভিন্ন সংস্থায় পাঠানো হয়েছে।

তবে জরিমানার অর্থ কতটুকু আদায় হয়েছে, কতগুলো সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে কিংবা দুদকে পাঠানো অভিযোগের ভিত্তিতে কতটি মামলা হয়েছে- সে বিষয়ে সংসদে কোনো তথ্য উপস্থাপন করা হয়নি। একইভাবে ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীরা কোনো প্রতিকার পেয়েছেন কি না, তাও স্পষ্ট করা হয়নি।

এদিকে সরকার দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান উৎস হিসেবে পুঁজিবাজারকে শক্তিশালী করতে বন্ডবাজার উন্নয়ন, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ), সুকুক ও কমোডিটি ডেরিভেটিভ চালুসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ও ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী।

এলিস/রিফাত/

ডাক সেবায় আসছে অটোমেশন পদ্ধতি: ডাক ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:৫৪ পিএম
ডাক সেবায় আসছে অটোমেশন পদ্ধতি: ডাক ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় ২৪ ঘণ্টা ডাকসেবা নিশ্চিত করতে ‘স্মার্ট পোস্ট বক্স’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে ‘আমার ডাক’ অ্যাপের মাধ্যমে ডাক বিভাগের সব কার্যক্রম ধাপে ধাপে অটোমেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। 

মন্ত্রী বলেন, ডাক অধিদপ্তরের জন্য একটি আধুনিক ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ডাক কমার্স’ চালু করা হবে, যার মাধ্যমে ডাকসেবার প্রতিটি ধাপ সম্পূর্ণ ডিজিটালাইজড করা সম্ভব হবে।

তিনি জানান, ডাক বিভাগের কার্যক্রম আধুনিক ও স্বয়ংক্রিয় করতে বর্তমানে দুটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এগুলো হলো—‘মেইল প্রসেসিং এবং লজিস্টিক সার্ভিস টেকসই ও আধুনিকীকরণ প্রকল্প’ এবং ‘নাগরিক প্রান্তে বিদ্যমান ডাক সেবার সম্প্রসারণ ও সহজলভ্যকরণ প্রকল্প’। এসব প্রকল্পের আওতায় দেশের সব ডাকঘরে ব্যবহৃত ডোমেস্টিক মেইল মনিটরিং সফটওয়্যারের উন্নয়ন করা হবে। পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে সারাদেশে ডাকপণ্যের ট্রেস অ্যান্ড ট্র্যাকিং সুবিধা সম্প্রসারণ করা হবে। জাতীয় ডিজিটাল ঠিকানা ব্যবস্থার ভিত্তিও গড়ে তোলা হবে।

এদিকে, চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় তরুণদের তথ্যপ্রযুক্তি দক্ষ করে তুলতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দিকার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) মাধ্যমে এক হাজার আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েটকে ITEE প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে বিশ্বের ১৩টি দেশের আইসিটি খাতে বাংলাদেশি তরুণদের চাকরির সুযোগ তৈরি হবে।

এ ছাড়া এআই, সাইবার সিকিউরিটি, ডাটা অ্যানালাইটিক্স ও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টসহ বিভিন্ন বিষয়ে ৫ হাজারের বেশি তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

এলিস/নাঈম

বর্তমানে বৈধ সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ: টেলিযোগাযোগ মন্ত্রী

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:২১ পিএম
বর্তমানে বৈধ সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ: টেলিযোগাযোগ মন্ত্রী
ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি : সংগৃহীত

বর্তমানে দেশে কার্যরত চারটি মোবাইল অপারেটরের বৈধ নিবন্ধিত (রেজিস্টার্ড) সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। 

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মহিলা আসন-১০ এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে চারটি মোবাইল কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। এগুলো হলো টেলিটক বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। এসব অপারেটরের অধীনে বৈধভাবে নিবন্ধিত সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ।

এদিকে ডাক বিভাগের সেবার মানোন্নয়ন ও সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস বা পোস্ট পিকআপ পয়েন্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে উপযুক্ত স্থান নির্বাচন কার্যক্রম চলমান রয়েছে।

রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জনসাধারণের সুবিধার্থে ভূমির নথি, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স হোম ডেলিভারিসহ বিভিন্ন নাগরিক সেবা ডাক বিভাগের মাধ্যমে প্রদান করা হচ্ছে। এছাড়া ই-কমার্স খাতকে সহায়তা দিতে দেশের বিভিন্ন স্থানে ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্র থেকে পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রসেসিং, বুকিং, সর্টিং, পরিবহন ও বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও জানান, ডমেস্টিক মেইল মনিটরিং সিস্টেম (ডিএমএস) সফটওয়্যারের মাধ্যমে রিয়েল-টাইম ট্র্যাকিং সুবিধা সম্প্রসারণ, স্বল্প খরচে পার্সেল ও চিঠি বিতরণ এবং ইএমএস সেবার মাধ্যমে বিদেশে পার্সেল পাঠানোর কার্যক্রমও অব্যাহত রয়েছে।

এলিস/এসএন

ফ্রিতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:৫৪ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম
ফ্রিতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ফ্রিতে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্যমে ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ায় বিটিভি এবার প্রায় বিনা খরচে বিশ্বকাপ সম্প্রচার করতে পারবে।

মঙ্গলবার (৯ জুন) তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন।

তিনি বলেন, বিগত সময়ে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব অর্জনে বিপুল অর্থ ব্যয়ের অভিযোগ ছিল। কিন্তু বর্তমান সরকার জনগণের অর্থের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে স্বচ্ছতার ভিত্তিতে সম্প্রচার স্বত্ব অর্জনের উদ্যোগ গ্রহণ করেছে।

ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব নিয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ফিফা থেকে স্বত্ব কিনে নেওয়া একটি প্রতিষ্ঠান প্রথমদিকে প্রায় ২০০ কোটি টাকা দাবি করেছিল। তবে সরকার সেই প্রস্তাবে সম্মত না হয়ে সরাসরি ফিফার সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়।

তিনি জানান, এ প্রক্রিয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং এর সভাপতি তাবিথ আউয়ালকে সম্পৃক্ত করা হয়। দীর্ঘ আলোচনা ও দরকষাকষির মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং নীতিমালার আলোকে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। ভ্যাট ও আয়করসহ মোট ব্যয় হবে প্রায় ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা।”

তিনি আরও বলেন, সম্প্রচার স্বত্ব বাবদ অর্থের প্রায় পুরোটাই টেলিযোগাযোগ কোম্পানি, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিজ্ঞাপন ও সম্প্রচার অধিকার বিক্রির মাধ্যমে আদায় করা সম্ভব হয়েছে। ফলে বিটিভির নিজস্ব আর্থিক দায় থাকবে না।

ইয়াসের খান চৌধুরী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণমুখী সেবায় নিয়োজিত রাখা। এ উদ্যোগ তারই একটি উদাহরণ।

তিনি দেশের ফুটবলপ্রেমীদের অভিনন্দন জানিয়ে বলেন, সকল জটিলতা কাটিয়ে দেশের কোটি কোটি দর্শক এবার বিটিভির মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের খেলা উপভোগ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রধান মন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকসহ তথ্য  ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

তপন/নাঈম