১২ দফা দাবিতে ঢাকায় প্রতিবাদ সমাবেশ ও আলোচনার ডাক দিয়েছে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন। আগামী ১৭ মে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে তারা এসব কর্মসূচি পালন করবেন।
বুধবার (১৩ মে) সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সরকারি গেজেটেড সব ছুটিসহ সাপ্তাহিক দুই দিন (শুক্র ও শনিবার) ছুটির আদেশ জারি অথবা এই দিনগুলোতে কাজের জন্য ওভারটাইম প্রদান করা। অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মঘণ্টা নির্ধারণ করা। ওয়েম্যান থেকে যেকোনো পদোন্নতির ক্ষেত্রে গ্রেড পরিবর্তন করা। কর্মরত অবস্থায় কোনো কর্মচারী মৃত্যুবরণ করলে তার সন্তানদের যোগ্যতা অনুযায়ী দ্রুত চাকরির ব্যবস্থা করা।
সংগঠনটির সভাপতি নাসির উদ্দিন ফারুক ও সাধারণ সম্পাদক মো. শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ মে সকাল ৯টায় কমলাপুর রেলস্টেশনের ভিআইপি চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে পি-ওয়ে, কার্য, ব্রিজ ও এমএম প্রকৌশল বিভাগের সর্বস্তরের কর্মচারীকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ২৫ আগস্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর ১২ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়েছিল। রেল ভবনের কর্মকর্তারা দাবিগুলো যাচাই-বাছাই করে ৫টি দফাকে সর্বজনীন কেন্দ্রীয় দাবি হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ দুটি দফা (গেজেটেড ছুটি ও কর্মঘণ্টা নির্ধারণ) নিয়ে গঠিত কমিটির সুপারিশ দীর্ঘ ২১ মাস কেটে গেলেও রেলওয়ের মহাপরিচালকের দপ্তর থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এ ছাড়া ট্রেন উদ্ধারকাজে নিয়োজিত কর্মচারীদের বকেয়া বিল পরিশোধ না করার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।