রাজধানীর ধানমণ্ডিতে মাসজিদ-উত-তাকওয়ায় (তাকওয়া মসজিদ) ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করলে কয়েকজনকে আটক করে পুলিশ।
সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নেতা-কর্মীরা স্লোগান দিলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় ১০ থেকে ১৫ জনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
ডিএমপির রমনা বিভাগের ধানমণ্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যথাসময়ে স্মুথলি মরদেহবাহী গাড়ি যাতে করে যেতে পারে, আমরা সেই ব্যবস্থা করেছি। আর যারা বিশৃঙ্খলা করেছে তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। তবে কতজনকে আটক করা হয়, সেই সংখ্যাটি এই মুহূর্তে বলতে পারছি না। যাচাই-বাছাই করে জানানো হবে।’
আটকরা আওয়ামী লীগের নেতা-কর্মী কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘বিশৃঙ্খলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যারা বিশৃঙ্খলা করেছে তাকে ধরা হয়েছে। তবে যদি আটকদের মধ্যে সাধারণ কেউ থাকে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।’
তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে দলীয় স্লোগান দিতে থাকেন। প্রথম জানাজায় অংশ নেন আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তাকে ঘিরেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় স্লোগান দেন। এ সময় সেখানে দেখা যায় লতিফ সিদ্দিকী, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামীম পাটোয়ারী, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরসহ সাধারণ জনগণকে।
রিফাত/