অন্তর্বর্তী সরকারকে নির্বাচনব্যবস্থা সংস্কার করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা দিয়ে জনগণের ক্ষমতা জনগণকে বুঝিয়ে দিতে বলেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।
শনিবার (২৩ নভেম্বর) বিকেল চারটার দিকে চট্টগ্রামের পুরাতন রেলস্টেশন চত্বরে কমিউনিস্ট পার্টির জেলা কমিটির আয়োজিত গণসমাবশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ সরকার জনকল্যাণে কাজ করেনি। প্রায় একযুগের বেশি সময় ধরে লুটপাঠের সরকার কায়েম করেছিল।তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। দেশটাকে ভয়ানক এক দেশে পরিণত করেছে। তারা নতুন একটি তত্ত্ব সামনে আনলো তা হলো “উন্নয়ন তত্ত্ব” । উন্নয়নের দোহাই দিয়ে আওয়ামীলীগ সব ধ্বংস করে দিয়েছে। দুর্নীতির মাধ্যমে অর্থ লোপাঠ করেছে। কিন্তু জনগণ আওয়ামীলীগের সেই তত্ত্ব খায়নি। এভাবে স্বৈরচারি শাসক বেশিদিন টিকে থাকতে পারে না। আমাদের উপরও নির্যাতন, হুমকি এসেছিল, ভয় দেখানো হয়েছিল।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কি সংস্কার করবেন তাও জনগণ জানে না। কি করছেন, কি করবেন তা স্পষ্ট করতে হবে। অন্তর্বর্তী সরকারের একমাত্র কাজ নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণকে বুঝিয়ে দেওয়া। সংস্কারের নামে আপনারা যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান বা স্বৈরচারের পথ অনুসরণ করতে চান তাহলে জনগণ বিশ্বাস করবে না। ফলে আপনাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। দেশে মুদ্রাস্ফিতি বেড়ে গেছে। দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। সেই সিন্ডিকেটগুলোকে আপনারা কিছুই করতে পারেননি। জনজীবনে শান্তি আনতে হবে।
দেশ সংস্কার করে নির্বাচন দিতে হবে। নির্বাচন ব্যবস্থার সংস্কার করে নির্বাচনের ঘোষণা দিন।
নিরপেক্ষ ভোট ঘোষণা দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, পেশিশক্তি ছাড়া কোন ভোট হয় না। সংবিধান অনুসারে ভোট দিতে হবে। ভাল নির্বাচনের জন্য ভাল পুলিশ বাহিনী থাকতে হবে। নিজের স্বার্থে পুলিশকে ব্যবহার করা যাবে না।
এছাড়া কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অশোক শাহার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য মৃনাল চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যপক কানায় দাশ, চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।
মেহেদী/এমএ/