দেশকে অস্থিতিশীল করতে ‘পঞ্চম বাহিনী’র উপদ্রব ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইসকনকে নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ইসকন হঠাৎ উত্তপ্ত কেন, আগ্রাসী মনোভাব কেন? এরা কারা? কেন এই বিদ্বেষ পোষণ করছে? হঠাৎ কেন ১০ জায়গায় সমাবেশ! সমাবেশ শেষ না হতেই ভারতের রিঅ্যাকশন। এই পঞ্চম বাহিনী থেকে সতর্ক থাকতে হবে।
শনিবার (৩০ নভেম্বর) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গানের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইথুন বাবুর কথা ও সুরে কণ্ঠশিল্পী মৌসুমীর কন্ঠে ‘ওরা জন্মভূমি চুষে খেতে চায়’ গানের মোড়ক উন্মোচন করেন রিজভী।
ভারতে চিকিৎসা বন্ধ করা প্রসঙ্গে রিজভী বলেন, ভারতের লোকজন যে হিংসা-বিদ্বেষে ভোগেন, চিকিৎসা বন্ধের হুমকি দেওয়া তারই প্রমাণ। ভারতে না গেলে চিকিৎসা পাওয়া যাবে না, এটি ভুল ধারণা। অনেক যোগ্য ডাক্তার বাংলাদেশে রয়েছেন। আমরা কারও ওপর নির্ভরশীল না। ভারতের থেকে স্যানিটেশন অনেক উন্নত বাংলাদেশ। ভারতের কীসের অহংকার! দেশে সাম্প্রদায়িক সম্প্রতি আগের তুলনায় ভালো দাবি করে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ পরিকল্পিতভাবে গণতন্ত্রের পথে হাঁটার সুযোগ নষ্ট করতে অপপ্রচার করছে। কারো আনুগত্যে থাকার জন্য দেশ স্বাধীন হয়নি। কারো চোখ রাঙানিতে আমরা ভয় পাই না। তারা হুমকি দিচ্ছে আমাদের বিরুদ্ধে সার্জিক্যাল অপারেশন করবে, আমরা কি হাত ঘুটিয়ে বসে থাকব।
রিজভী আরও বলেন, অন্যায় ও অত্যাচার যখন রাষ্ট্রের ওপর চেপে বসে তখন শিল্প-সংস্কৃতির আন্দোলন বড় দায়িত্ব পালন করে। গণঅভ্যুত্থানে ইথুন বাবুর লেখা ও মৌসুমির গাওয়া ‘দেশটা তোর বাপের নাকি?’ গানটি নতুন মাত্রা যোগ করেছিল। শিল্পীরাই ভারতের সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধ করবে। ইথুন বাবুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা রশিদুজ্জামান মিল্লাত, মীর শরাফত আলী সপু, শাম্মী আক্তার প্রমুখ।
শফিকুল ইসলাম/মাহফুজ/এমএ/