নোয়াখালীর হাতিয়ায় উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে পারিবারিক গণসমাবেশ করার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের বিরুদ্ধে। অন্যদিকে ওই সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়েও তোলপাড় শুরু হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে হাতিয়া পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম আদর্শ মহিলা কলেজ মাঠে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের ব্যানারে মোহাম্মদ ফজলুল আজিমকে সাবেক সংসদ সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি, তার স্ত্রী শামীমা আজিমকে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম আদর্শ মহিলা কলেজের সাবেক সভাপতি ও অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং ছেলে প্রকৌশলী ফাহান মোহাম্মদ আজিমকে আজিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব অতিথিদের কেউই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
এদিকে সমাবেশে হাতিয়া পৌরসভা ৯নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাসার ফুলমিয়া (৬২) তার নির্ধারিত বক্তব্য শেষ করার পূর্বে ‘জয় বাংলা’ বলে বক্তব্য শেষ করেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমালোচনার ঝড়।
এ বিষয়ে বিএনপি নেতা আবুল বাসার ফুলমিয়া খবরের কাগজকে বলেন, ‘আমি ‘জয় বাংলা’ বলে কোনো স্লোগান দেইনি। জয় বাংলা স্লোগান আমাদের দুশমনদের স্লোগান, এটা আমাদের আত্মার দুশমন। কেন আমি জয় বাংলা বলবো। আমি তারেক জিয়া জিন্দাবাদ এবং জয় হোক ফজলুল আজিমের বলেছিলাম।’
হাতিয়ার পৌরসভা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন বলেন, ‘আবুল বাশার ভাই বক্তব্য দেওয়ার সময় সংক্ষিপ্ত করতে বলায় তিনি জয় হোক, বাংলাদেশ চিরজীবী হোক এ কথা বলতে গিয়ে ভুলবশত জয় বাংলা বলে ফেলছেন। তবে তিনি তো ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ বলেননি। মানুষ মাত্রই ভুল করে। তবে তিনি ইচ্ছাকৃত এটি করেননি।’
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির একাধিক নেতা জানান, প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম বিএনপির কেউ না। তিনি নিজের শক্তি প্রদর্শনের জন্য আওয়ামী লীগের লোকজনকে একত্রিত করে এই গণসমাবেশ করেছেন। এতে আমাদের দলের ভাবমুর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ছাড়া ওই সমাবেশে এক নেতা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন।
হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক খোকন খবরের কাগজকে বলেন, ‘বিএনপিতে প্রকৌশলী আজিমের কোথাও কোনো সদস্য পদ নেই। আর এই সমাবেশ সম্পর্কে আমাদেরকে কিছুই জানানো হয়নি। শুনেছি বিএনপির বহিস্কৃত কিছু নেতা নিয়ে আওয়ামী লীগের লোকজনকে একত্রিত করে তিনি সমাবেশ করেছেন। এতে বিএনপির নাম ও তারেক রহমানের ছবি ব্যবহারের বিষয়টি উর্ধ্বতন নেতাদের জানানো হয়েছে।’
এ বিষয়ে জানতে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
তবে তার রাজনৈতিক একান্ত সহকারি আবুল হাসনাত আফসার খবরের কাগজকে বলেন, ‘প্রকৌশলী ফজলুল আজিমের দলীয় পদের চাইতে সাবেক সংসদ সদস্য পদ বড় হওয়ায় ব্যানারে তা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সমাবেশে পারিবারিক অতিথির পাশাপাশি বিএনপি নেতারাও উপস্থিত ছিলেন।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, ‘বিএনপির নামে সমাবেশ ডেকে জয় বাংলা স্লোগান দেওয়ার বিয়ষটি শুনেছি। তদন্ত করে সংগঠন বহির্ভূত কোনো কর্মকাণ্ডে কেউ জড়ালে সে যেই হোক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
ইকবাল/তাওফিক/