বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এত ত্যাগ-তিতিক্ষা, নির্যাতন সহ্য করেও গত ১৫ বছর ধরে কেউ দল ছেড়ে চলে যায়নি। শেখ হাসিনা ও তার নেতা-কর্মীরা ব্যাংকের টাকা লুটপাটসহ দেশের টাকা বিদেশে পাচার করে সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজি করেছে। এই কারণে আজ দেশ থেকে বিতাড়িত হয়েছে ফ্যাসিস্ট সরকার।’
তিনি বলেন, ‘আমাদেরও আওয়ামী লীগের মতো করলে হবে না। ক্ষমতায় আসতে হবে জনগণের ভোটের মাধ্যমে। জনগণের মতামতের ভিত্তিতে আমরা ক্ষমতায় আসতে চাই।’
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় দাউদকান্দি উপজেলা বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মসূচির প্রতিবাদ ও প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন ঘোষণার দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি বিশাল জনসভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ড. মোশাররফ হোসেন আরও বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে যে বিজয় আমরা অর্জন করেছি। সেটার প্রতিফলন ঘটবে সংস্কার শেষে একটি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে।
দাউদকান্দি পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি একেএম শামসুল হক, আবুল হাসেম সরকার, উপজেলা বিএনপির সভাপতি, আব্দুল লতিফ ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক ডিপি জাহাঙ্গীর আলম, যুবদল নেতা রোমান খন্দকার।
উপস্থিত ছিলেন, দাউদকান্দি ও তিতাস উপজেলা ও পৌরসভার বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা।
লিটন সরকার বাদল/মাহফুজ