ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
কামাদাকে প্রশংসায় ভাসালেন জাপান কোচ মোরিয়াসু বগুড়ায় এসএমই উদ্যোক্তাদের মাসব্যাপী প্রশিক্ষণের উদ্যেগ নিল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিভে গেল ক্রীড়াঙ্গনের বাতিঘর: এক কিংবদন্তির প্রস্থান মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী কানসাসে আর্জেন্টিনার অনুশীলন, স্কালোনির একাদশে দুই সংশয় ফরিদপুরে ডিবি হেফাজতে নেওয়ার পর যুবকের মৃত্যু ক্র্যাফটস ভিলেজেস আজীবন সম্মাননায় ভূষিত প্রতিমাশিল্পী হরিপদ পাল গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন নায়িকা ববি রাঙামাটিতে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৯ ভাইরাল ভিডিওতে জেলেনস্কি-মেলোনি, ব্যাখ্যায় সরব নেটদুনিয়া স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার মাদক সেবনের ভিডিও কাণ্ডে বিএনপি নেতাকে অব্যাহতি‎ রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার রাঙামাটিতে দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ম্যারাডোনা-মেসির সঙ্গে ইয়ামালের তুলনা ভুল দারুণ সেভের পর কুরাসাও গোলরক্ষক বললেন, ‘আমার একটি ভাস্কর্য বানাও’ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন ঝিনাইদহে বাসচাপায় ট্রাকচালক নিহত কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার তিন হাফেজের সৌদি আরব যাত্রা অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ফিনল্যান্ডে বছরের দীর্ঘতম দিন, মধ্যরাতেও হাসে সূর্য রোবট চরিত্রে জেনা ওর্তেগা কঠিন পরাজয় সুইডেনকে আরও শক্তিশালী করবে: পটার সালাহকে ঠেকাতে চাই দলগত প্রচেষ্টা: হার্বার্ট আব্বা আমার জীবনের আদর্শ: ববিতা গৌরীপুরে রিপোর্টার্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আর নেই

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে: তারেক রহমান

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪২ পিএম
আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৪ পিএম
অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে: তারেক রহমান
বিএনপির বর্ধিত সভায় বক্তব্য রাখছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: খবরের কাগজ

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতোমধ্যেই জনমনে সন্দেহ-সংশয়ের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় পুঁজি। কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতোমধ্যেই জনমনে সন্দেহ-সংশয়ের সৃষ্টি হয়েছে।’

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠে বিএনপির বর্ধিত সভায় উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় নিরপেক্ষতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারেক রহমান তার বক্তব্যের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, ‘সর্বোপরি, ’৭১ সালের মহান মুক্তিযুদ্ধের লাখো শহিদ এবং দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার দীর্ঘ ধারাবাহিক সংগ্রামে যারা শহিদ হয়েছেন এবং ২০২৪ সালে জুলাই-আগস্টে তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে দলমত নির্বিশেষে স্বাধীনতা রক্ষার যুদ্ধে সাহসী বীর আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, রিয়া গোপ, আব্দুল আহাদ এবং বিএনপির পাঁচ শতাধিকসহ হাজারো শহিদ এবং আহত যোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি।’

বিএনপির এই শীর্ষনেতা বলেন, ‘হাজারও শহিদের আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশ পুনর্গঠনের এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। এই সুযোগ এবং সম্ভাবনা নস্যাৎ করার জন্য এরই মধ্যে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে। সুকৌশলে রক্তপিচ্ছিল রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে।’

জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে সব শ্রেণি-পেশার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানিয়ে রাখতে চেয়েছিল, তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন, এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে।’

তিনি বলেন, ‘বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয়। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পর দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং ১৯৯১ সালে দেশে সংসদীয় সরকার প্রতিষ্ঠা ছিল রাষ্ট্র ও রাজনীতির ময়দানে যুগান্তকারী সংস্কার। তবে ষড়যন্ত্রের পথ ধরে পলাতক স্বৈরাচার রাষ্ট্রক্ষমতা দখলের পর সংস্কারের সব পথ বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশকে চিরতরে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। দেশের প্রতিরক্ষাব্যবস্থাকে নাজুক করে তুলেছিল। টাকা পাচার আর লুটপাট চালিয়ে দেশের অর্থনীতি ভঙ্গুর করে দিয়েছিল। অকার্যকর করে দেওয়া হয়েছিল দেশের সব সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান।’

তারেক রহমান বলেন, ‘রাষ্ট্রের স্বাধীনতা এবং নিরাপত্তার জন্য জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের কোনো বিকল্প নেই। রাষ্ট্র এবং সমাজে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার শর্ত হলো- প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকার বাস্তবায়ন।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন সময়ে জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণের জন্য হতাশার কারণ হয়ে উঠছে। অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপিসহ গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন থাকলেও সরকার এখনো তাদের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না। সারা দেশে খুন-হত্যা-ধর্ষণ, চুরি-ছিনতাই ও রাহাজানি বেড়েই চলেছে। বাজার সিন্ডিকেটের কবলে পড়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন। বর্তমান অন্তর্বর্তী সরকার এখনো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।’

অন্তর্বর্তী সরকারেরর উদ্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘যেখানে অন্তর্বর্তী সরকার দেশের বাজার পরিস্থিতি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরও ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়।’ 

তিনি বলেন, ‘জনগণ মনে করে, স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া, যা সরাসরি গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাবিরোধী। গণহত্যাকারী টাকা পাচারকারী দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়ার এই ফাঁদে বিএনপি পা দেবে না।'

এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে মাফিয়া চক্রকে পুনর্বাসনের স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসার এবং অবিলম্বে আগামী দিনের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান।

নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘মাফিয়াপ্রধান হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এ পর্যন্ত ১৬ থেকে ১৭টি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি সব নতুন রাজনৈতিক দল ও সংগঠনকে স্বাগত জানায়। তবে নির্বাচনের মাধ্যমে গ্রহণ কিংবা বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ।’

পররাষ্ট্রনীতির প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘বিএনপির দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট। বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু-মিত্র বলে কিছু নেই। বরং একটি দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে 'পারস্পরিক স্বার্থ রক্ষা, প্রয়োজন এবং ন্যায্যতার ভিত্তিতে। অন্য দেশের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আমাদের নীতি ‘সবার আগে বাংলাদেশ’। অর্থাৎ নিজ দেশ এবং জনগণের স্বার্থ রক্ষাই হতে হবে প্রথম এবং প্রধান অগ্রাধিকার।’

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি একটি বৃহৎ পরিবার। এই পরিবারের নানা বিষয়ে আমাদের মতের অমিল থাকতেই পারে। তাই বক্তব্য দেওয়ার সময় ব্যক্তিগত পর্যায়ের বিরোধকে এড়িয়ে যাওয়া বাঞ্ছনীয়। ঐক্যই আমাদেরকে বারবার বিজয় আর সফলতা এনে দিয়েছে। সুতরাং আমাদের খেয়াল রাখা জরুরি, আলোচনা-সমালোচনা যেন নিজেদের মধ্যকার ঐক্য বিনষ্টকারী কিংবা দলের ক্ষতির কারণ না হয়। প্রশংসাসূচক শব্দ চয়নের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা, বুদ্ধিমত্তা এবং পরিমিতি বোধের পরিচয় দেবেন।’

দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা দলের ইমেজ ক্ষুণ্ন হয় এমন কোনো কাজকে বিএনপি বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না জানিয়ে তারেক রহমান বলেন, ‘জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি জনগণকে বিশ্বাস করে। জনগণও বিএনপিকে বিশ্বাস করে। আপনার প্রতি, আপনাদের প্রতি ও বিএনপির প্রতি জনগণের এই ভালোবাসার প্রতিদান দিতে জনগণের সঙ্গে থাকুন এবং জনগণকে সঙ্গে রাখুন। জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিন।’

এ সময় দেশবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বিএনপি শুধু আপনাদের ভোটের পুনরুদ্ধারই নয়, আপনার ভোটের প্রয়োগের অধিকার নিশ্চিত করতে চায়। আপনাদের সমর্থন পেলে বিএনপি এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে চায়, যে সরকার আপনার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে।’

শফিকুল ইসলাম/সুমন/

মাদক সেবনের ভিডিও কাণ্ডে বিএনপি নেতাকে অব্যাহতি‎

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:০২ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৩:২২ পিএম
মাদক সেবনের ভিডিও কাণ্ডে বিএনপি নেতাকে অব্যাহতি‎
ছবি: খবরের কাগজ

ফেসবুকে মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২০ জুন) রাতে আক্কেলপুর উপজেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জানা গেছে, সম্প্রতি আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামের মাদক সেবনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পর উপজেলা বিএনপি সাইদুলকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেয়। গঠন করা হয় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি। ‎‎

আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান কমল জানান, মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় একটি কমিটিও গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ইউনিয়ন বিএনপির কার্যক্রম এখন থেকে আহ্বায়ক কমিটি দিয়ে পরিচালিত হবে।

সাগর কুমার/তামান্না রুপা/

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আর নেই

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:১৬ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০১:৪১ পিএম
সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আর নেই
মোশারফ হোসেন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর -৪ আসনের (রামগতি ও কমল নগর)সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শনিবার (২০ জুন) রাতে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বাদ আসর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে রামগতি উপজেলার আলেকজান্ডারস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

দেশের রাজনীতি ও মুক্তিযুদ্ধে মোশারফ হোসেনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি বিএলএফ-এর নোয়াখালী ও হাতিয়া অঞ্চলের জোনাল কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুক্তিযুদ্ধ সংগঠনে সক্রিয় ভূমিকা রাখেন।

ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন।

রাজনৈতিক জীবনে ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

রফিকুল ইসলাম/তামান্না রুপা/

নিউমার্কেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:০৫ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১২:০৯ পিএম
নিউমার্কেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে সংগৃহীত।

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) সকালে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।​ পরদিন রবিবার সকালে চারজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলটির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন যুবক একটি ব্যানার নিয়ে নিউমার্কেট এলাকায় মিছিল করছেন। বিষয়টি নজরে আসার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কার্যক্রম শুরু করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, শনিবার রাতে নিউমার্কেট এলাকায় মিছিলের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।​

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন এলাকায় এই ধরনের ঝটিকা মিছিলের প্রবণতা দেখা যাচ্ছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।

আবদুস/আমান

লন্ডনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৪৩ এএম
লন্ডনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা
হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে যুক্তরাজ্যে মামলা হয়েছে। এমনটি জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স। 

শনিবার (২০ জুন) রাতে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়। ইউকে অ্যালায়েন্সের ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকেরা হাসনাত আবদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা হাসনাত আবদুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহীন আলমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগকে ‘বেধড়ক পেটানোর’ অভিযোগ এনে থানায় মামলা করেছে। এর মধ্যে দিয়ে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, পতিত আওয়ামী লীগ আগেও ব্যর্থ হয়েছে, এবারও হবে। অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর ঐতিহাসিক বক্তব্য, যুক্তরাজ্যজুড়ে প্রবাসীদের সঙ্গে তার সফল মতবিনিময় এবং সহযোদ্ধাদের সঙ্গে সংযোগ স্থাপনের প্রচেষ্টাকে ব্যাহত করতে তারা বারবার চেষ্টা করলেও প্রতিবারই চরমভাবে ব্যর্থ হয়েছে।

অন্তরা/

মাদকে জড়িত বিএনপি নেতাকর্মীদের আগে গ্রেপ্তার করুন: এমপি মামুন

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৩৪ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১০:৪৪ এএম
মাদকে জড়িত বিএনপি নেতাকর্মীদের আগে গ্রেপ্তার করুন: এমপি মামুন
ছবি: খবরের কাগজ

যদি বিএনপির কোনো নেতাকর্মী মাদকের কারবারের সঙ্গে জড়িত থাকে, তাহলে তাকে সবার আগে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

এ সময় বিগত দিনে আওয়ামী লীগের মদদপুষ্ট মাদক ব্যবসায়ীরা এখন রাজনৈতিক খোলস বদলে বিএনপির কোনো না কোনো নেতার ছত্রছায়ায় যাওয়ার চেষ্টা করছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

শনিবার (২০ জুন) দুপুরে জামালপুর শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। আপনাদের মাঝে যদি ভূত থাকে তাহলে ওই ভূত ছাড়ানোর ব্যবস্থা নিন। যদি পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা যদি সৎ না হয়, স্বচ্ছ না হয়, তাহলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কাজেই আপনারা যথাযথ পদক্ষেপ নিন, বিএনপি আপনাদের পাশে থেকে সহযোগিতা করবে। আমি আহ্বান জানাব, যদি কোনো বিএনপি নেতাকর্মী মাদকের কারবারের সঙ্গে জড়িত থাকে, সর্বপ্রথম তাকে গ্রেপ্তার করুন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের প্রথম পদক্ষেপ হতে হবে মাদক ব্যবসায়ীদের আশ্রয় না দেওয়া। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে আমি স্পষ্ট বলতে চাই, আমরা নিজেরা কোনোভাবেই এই মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত হব না। সাধারণত দেখা যায়, সরকারি দলের নেতাকর্মীরা প্রশাসনিক সুবিধা পেয়ে নির্বিঘ্নে মাদক সেবন ও আনন্দ-ফুর্তি করার সুযোগ পায়। এমনকি তাদের দেখাদেখি অনেকে নতুন করেও মাদকাসক্ত হয়ে পড়ে। প্রশাসনও অনেক সময় সরকারি দলের লোকজনকে গ্রেপ্তার করতে দ্বিধাবোধ করে। তাই অন্যদের চেয়ে বিএনপি নেতাকর্মীদের আগে সচেতন হতে হবে এবং আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে, আমরা কেউ কোনো অবস্থাতেই মাদক সেবন করব না। বিএনপি নেতা যদি মাদকের ব্যবসার সাথে জড়িত থাকে তাহলে অন্যজনকে প্রতিরোধ করা যাবে না।

শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসুচির আয়োজনকরে জেলা বিএনপি।

মাদকবিরোধী সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সহসভাপতি সহিদুল হক খান দুলাল, লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, ‘রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসা করে। সমাজকে মাদকমুক্ত করতে রাজনৈতিক নেতাদের সতর্ক হতে হবে।’

সমাবেশ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মাদকবিরোধী র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।

আসমাউল আসিফ/খাদিজা রুমি/