জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা চাই স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে প্রশাসনের স্বচ্ছতার পরীক্ষা হয়ে যাক। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, আপনারা স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করুন। প্রয়োজনে ধাপে ধাপে যতগুলো উপজেলা রয়েছে সেগুলো- ৫/৬টি ধাপে নির্বাচন দিয়ে এই প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করুন।
বুধবার (১৯ মার্চ) কুমিল্লার শাসনগাছায় ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ ’২৪ এর শহীদ ও আহতদের স্মরণে গণইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।
তিনি বলেন, গত যে তিনটি নির্বাচন হয়েছে তাতে জনগণ ভোট দিতে পারে নাই। ভোট দিয়েছে প্রশাসন, নির্বাচন পরিচালনা করেছে প্রশাসন। একটি স্বচ্ছ ও ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন করার কোনো দক্ষতা আওয়ামী প্রশাসনের নেই। এই প্রশাসন সংস্কার না করা পর্যন্ত, আমরা যতক্ষণ না নিশ্চিত হই এই প্রশাসন একটি ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন করাতে পারে- আমরা ততক্ষণ আশ্বস্ত হচ্ছি না।
নির্বাচনি ফায়দা নিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কিছু রাজনৈতিক দল কূটনীতিতে যুক্ত হচ্ছে মন্তব্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাই, আমরা ছাত্র-নাগরিকরা রাস্তায় তাজা রক্ত ঢেলে দিয়ে যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।
তিনি বলেন, আমরা আপনাদের সতর্ক করে দিতে চাই- এই ছাত্র নাগরিকের হারানোর কিছুই নাই। একখাপে দুই তলোয়ার যেভাবে থাকতে পারে না, ঠিক একই একই ভাবে ৫ আগস্ট পরবর্তী সময়ে একই ভাবে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি থাকতে পারবে না। যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, ৫ আগষ্ট গণভবন এবং বঙ্গভবনের যে পরিনতি হয়েছে-তাদেরও সে পরিণতি হবে।
জহির শান্ত/সিফাত/