রাষ্ট্রের বিষয়ে তাড়াহুড়ো করে নয়, সংস্কার প্রস্তাবে ধীরেসুস্থে আলোচনা করে এগোতে চায় বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, 'আমরা আলোচনাতে দ্রুততার সঙ্গে যাচ্ছি না এজন্য যে এটা রাষ্ট্রের বিষয়, রিপাবলিকের বিষয় ও সংবিধানের বিষয়- তাই তাড়াহুড়োর কোনো বিষয় নয়। যেসব সিদ্ধান্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে, তা জাতীয় জীবনে মহান ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুতরাং একটু সময় বেশি নিলেও একটু বিস্তারিত রিপোর্টের ওপর বিস্তারিত আলোচনা করছি।'
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টা ১০ মিনিটে জাতীয় সংসদের এলডি হলে এই আলোচনা শুরু হয়েছে। পাঁচ কমিশনের দেওয়া সুপারিশগুলোর ওপর মতামত দিতে তৃতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসেছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নিয়েছেন। এরা হলেন, দলটির বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।
জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে আরও রয়েছেন কমিশন সদস্যদের বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।
স্পিডশিড নিয়ে আলোচনা হয়নি উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রদত্ত স্পিডশিট নিয়ে আমরা আলোচনা করি নাই। এটা নিয়ে অনেক ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। যেটা ওনারা আলোচনা করতে আগ্রহী হয় নাই; আমরা মোটেও আগ্রহী হই নাই। আমরা বিস্তারিত রিপোর্টের ওপর দফাওয়ারি আলোচনা করছি। যা আজকেই আলোচনা শেষ করতে চাই।'
বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা আমরা বিশ্বাসী উল্লেখ কর তিনি বলেন, 'সুপ্রিম কোর্টের একটা সচিবালয় গঠন করার জন্য সুপারিশ করা হয়েছিল। এটাসহ বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় আমরা অঙ্গীকারবদ্ধ। তবে আমি বিচার বিভাগের সব উদ্যোগকে আইনানুগ ও সাংবিধানিক হয় সে আহ্বান জানাব।'
এর আগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এবং রবিবার (২০ এপ্রিল) দিনভর আলোচনার পরে বৈঠক মুলতবি করা হয়েছিল।
সালাহউদ্দিন আহমদ জানান, প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, আইন বিভাগ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন প্রভৃতির সংস্কার, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এসিসি), নির্বাচন ব্যবস্থা, নির্বাহী বিভাগ, সংবিধান সংস্কার প্রভৃতি বিষয়ে গত দুই দিন কমিশনের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। রবিবারের আলোচনা যেখানে শেষ হয়েছে সেখানে থেকে তারা আবার আলোচনা শুরু করবেন। আশা করছি, আজকে আলোচনা সম্পন্ন হবে।
ইতোমধ্যে ১৫টি রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করেছে কমিশন। আর বিএনপির সঙ্গে তৃতীয় দফা আলোচনা চলছে এখন।
শফিকুল/মেহেদী/