বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘জুলাই-আগস্টের আত্মাহুতির পর আমরা যখন একটি নতুন বাংলাদেশের দিকে এগোচ্ছি, তখনও ফ্যাসিবাদের দোসররা সাধারণ মানুষের ক্ষতি করে চলেছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘এখন শুনি কুমার নদের বালু উত্তোলনের সঙ্গে যারা জড়িত, তারা বিএনপির নেতাদের সঙ্গে খাতির করে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার পায়তারা করছে।’
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার ঘট্রি ইউনিয়নের বড়খারদিয়া বাজারে কুমার নদ রক্ষায় আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে স্থানীয়রা জানান, দিনের পর দিন কুমার নদ থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর পাড় ধসে যাচ্ছে এবং পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। যদিও প্রশাসন মাঝে মাঝে অভিযান চালিয়ে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু তা স্থায়ী সমাধান হয়ে উঠছে না।
সমাবেশে শামা ওবায়েদ বলেন, ‘এই বালু উত্তোলনের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তারা বিএনপির কেউ হলেও ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের ১৭ কোটি মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। আমরা সৎভাবে কাজ করবো, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবো।’
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বালী।
শামা ওবায়েদ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা যখন এইসব অবৈধ কর্মকাণ্ডের তথ্য জানবেন, তখনই ব্যবস্থা নিন।’ তিনি স্থানীয় জনগণকেও নদী রক্ষায় সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘এই নদীর সঙ্গে সাধারণ কৃষক, খেটে খাওয়া মানুষের জীবন-জীবিকা, পরিবেশ ও জীববৈচিত্র জড়িত।’
তিনি আরও দাবি করেন, পদ্মা নদী থেকেও অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধ করতে হবে এবং এ বিষয়ে জেলা প্রশাসককে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
শামা ওবায়েদ বলেন, ‘গত ১৫ বছরে দেশের উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে। হাজার হাজার কোটি টাকা পাচার, ব্যাংক লুট, গরিব মানুষদের সর্বস্ব কেড়ে নিয়ে শেখ হাসিনা ও তার দোসররা লুটপাট করেছে। আর আমরা সহ্য করেছি হামলা-মামলা ও নির্যাতন।’
তিনি বলেন, ‘গণতন্ত্র যখনই বিপন্ন হয়েছে, তখনই বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। শহিদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে রক্ষা করেছে।’
সমাবেশে সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার। বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহকারী অ্যাটর্নি জেনারেল জুয়েল মুন্সি সুমন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, জাহিদুর রহমান জাহিদ মাস্টার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ।
সঞ্জিব/তাওফিক/