ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, মুসলিম বাজারে ক্ষতিগ্রস্তদের সুষম বণ্টনের মাধ্যমে দোকান বরাদ্দ দিতে হবে। যেসব আওয়ামী লীগপন্থী দোসরদের মাধ্যমে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের দোকান বাতিল করে প্রকৃত সদস্যদের মাঝে ন্যায্যভাবে দোকান বরাদ্দ দিতে হবে।
শনিবার (২১ জুন) বিকেলে রাজধানীর পল্লবীতে মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল বলেন, যারা আওয়ামী স্বৈরাচারের দোসর তাদের কোনো দোকান থাকবে না। যারা অন্যায়ভাবে দোকান দখল করেছে, তাদের দোকান বাতিল করতে হবে। বিএনপি কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না।
তিনি বলেন, গত ১৭ বছরে দেশজুড়ে যেভাবে জুলুম-নির্যাতন হয়েছে, তার ভাগীদার আপনারাও হয়েছেন। আজ আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারছেন, কিন্তু এই অধিকার আপনাদের আওয়ামী লীগ সরকারে সময়ে ছিল না। বিএনপি ক্ষমতায় গেলে কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না বরং ন্যায্যতা ও নিয়মের মধ্যে থেকেই কাজ করবে। সভায় উপস্থিত মুসলিম বাজার সমিতির সদস্যরা একে একে তাদের বিভিন্ন অভিযোগ ও দুর্দশার কথা তুলে ধরেন।
সদস্য আবু বক্কর সিদ্দিক ও মোজাম্মেল হোসেন অভিযোগ করেন, সমিতির সদস্য হয়েও তারা কোনো দোকান পাননি। তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় তাদের দোকানঘর আত্মসাৎ করা হয়, নানাভাবে হয়রানির শিকার হতে হয়, এমনকি মিথ্যা মামলাও দেওয়া হয়। সভায় সমিতির সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ সাজ্জাদ হোসেন সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মাস্টার।
সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, তাঁতীদল ঢাকা মহানগর উত্তর সভাপতি শামসুন্নাহার বেগম, মহানগর সদস্য ইব্রাহিম খলিল, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, রূপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মজিবুল হক, পল্লবীর ২নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলী আকবর মামুন, ৯১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মিয়া প্রমুখ।
শফিকুল ইসলাম/