আগামী বাংলাদেশ গণতন্ত্রের হবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ধারাবাহিক ভাবে চলমান থাকতে হবে। দেশ আমাদের সবার, তাই সবাই মিলেই দেশটাকে গড়ে তুলতে হবে। দ্বিধাদ্বন্দ্ব এবং আন্দোলন নিয়ে বির্তক না করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশ গড়ে তুলতে হবে। আগামী বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১১টায় টাঙ্গাইল মেডিকেল কলেজে জুলাই-আগস্ট গণ-অভ্যুথান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা ড্যাবের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রচার সম্পাদক বলেন, আগামীতে আমরা সন্ত্রাসমুক্ত, নৈরাজ্যমুক্ত, চাঁদাবাজমুক্ত সমাজ চাই। বুধবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, যারা অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত হবেন, সামাজিক অপরাধের সঙ্গে সম্পৃক্ত হবেন, জনগণ দুর্ভোগ পায় এ রকম কাজের সঙ্গে সম্পৃক্ত হবেন, যারা অন্যায়ের সঙ্গে জড়িত থাকবেন- তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে অসংখ্য বিএনপি নেতা গুম হয়েছেন, খুন হয়েছেন। আমাদের দেশনেত্রীকে দীর্ঘ ৬ বছর জেলে রাখা হয়েছে। অসংখ্য আলেম-উলামাদের হত্যা করা হয়েছে। আজকে এ আন্দোলনের একমাত্র সংগঠন বিএনপি, যে সংগঠনের ৫ শতাধিক নেতা-কর্মী শহিদ হয়েছেন।
সালাউদ্দিন বলেন, আজ জুলাই-আগস্ট গণ-অভ্যুথানের প্রায় এক বছর পূর্ণ হয়েছে। যদি আমরা দ্বিধা-বিভক্ত হয়ে যাই, যারা শহিদ হলেন, যারা রক্ত দিলেন, তাদের রক্ত কিন্তু প্রশ্ন করবে- এজন্যই কি আমরা শহিদ হয়েছি? এ জন্য কি আমরা রক্ত দিয়েছি? বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিদায় দিয়েছে, গণতন্ত্র সামনে আসবে এটাই কিন্তু স্বাভাবিক।
এ সময় টাঙ্গাইল জেলা ড্যাবের সভাপতি ডা. আব্দুল মতিনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
জুয়েল/রিফাত/