জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বৃহত্তর ঐক্যে ফাটল ধরিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার।
তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের মতপার্থক্য থাকলেও বৃহত্তর ঐক্যের মাধ্যমে আমরা স্বৈরচারের পতন ঘটিয়েছিলাম। বিএনপি ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। নেতা-কর্মীরা নানাভাবে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে। আজ সেই নির্যাতিত দলের বিরুদ্ধে উসাকানিমূলক কথা বলা হচ্ছে।
আমরা আজ দেখতে পাই- এনসিপি বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। কক্সবাজারে তারা উসকানিমূলক বক্তব্য দিয়েছে। বৃহত্তর ঐক্যে ফাটল ধরিয়ে আগামির নির্বাচনকে বানচাল করতে এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। কোনো কারণ ছাড়াই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে কটুক্তিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ যেকোন ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ আছে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই নির্বাচনকে বানচাল করার জন্য প্রতিহিংসামূলক বক্তব্য দিয়ে ঐক্যে ফাটল ধরাতে চায় এনসিপি। আগামী নির্বাচন পর্যন্ত সবাইকে সব সহ্য করে অভীষ্ট লক্ষ্যে যেতে হবে।’
রবিবার (২০ জুলাই) চট্টগ্রামে নাসিমন ভবন প্রাঙ্গনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি দেশজুড়ে জাতীয় কর্মসূচি পালনের অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে ছয় দিনব্যাপী গৃহীত কর্মসূচির তৃতীয় দিনে এই সমাবেশ হয়।
এরপর তিনি শহিদ জিয়া স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।
চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদরুল আলমের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচিতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ সালাহউদ্দিন, নুরুল আমিন, নুর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায় হোসেন, অ্যাডভোকেট এম এ তাহের, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান প্রমুখ বক্তব্য রাখেন।
অমিয়/