সমাবেশে যোগ দিতে রাজধানীর শাহবাগে জড়ো হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। ইতোমধ্যে সমাবেশস্থলে কয়েক হাজার নেতা-কর্মী জড়ো হয়েছেন। জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করছে সংগঠনটি।
রবিবার (৩ আগস্ট) বেলা আড়াইটায় এই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে।
সমাবেশকে কেন্দ্র করে আগেই সারা দেশ থেকে ছাত্রদলের নেতা-কর্মীদের ঢাকায় আসার নির্দেশ দেওয়া হয়েছিল।
বেরা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, সমাবেশ কেন্দ্র করে শাহবাগ মোড়ে মঞ্চ তৈরি করা হয়েছে। মুল মঞ্চের কাজ শেষ হলেও সৌন্দর্য বর্ধনের কাজ চলমান আছে। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের ভিড়ও বাড়ছে। খণ্ড খণ্ড মিছিল এসে মিলিত হচ্ছে সমাবেশস্থলে।
থেমে থেমে নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা গেছে। কারও কারও হাতে জাতীয় ও দলীয় পতাকা দেখা গেছে। অনেকে এদিক সেদিক ঘোরাফেরা করছেন। শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ থাকায় রাস্তায় অনেকে বসে পড়েছেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, শাহবাগে আজ ছাত্রদলের ঐতিহাসিক ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। শাহবাগে অতীতে যত রাজনৈতিক ও ছাত্রসমাবেশ হয়েছে - সবচেয়ে বড় ছাত্রসমাবেশ ছাত্রদল আজ উপহার দেবে।
তিনি বলেন, আজকের সমাবেশ অত্যান্ত গুরুত্বপূর্ণ। কারণ, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে গত ১৭ বছর ব্যহত করা হয়েছিল। তরুণরা নিজেদের জীবনের বিনিময়ে খুনি শেখ হাসিনাকে বিতারিত করেছে। সেই তরুণদের ঐকবদ্ধ অংশগ্রহণে মাধ্যমে আজকে সমাবেশ সফল করব। লক্ষাধিক নেতা-কর্মী সমাবেশ যোগ দেবেন।
পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের বৃহৎ অংশ এ সমাবেশে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন নাছির।
তিনি বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রদল ইতিবাচক রাজনীতির মাইলফলক তৈরি করেছে।
ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
সভাপতিত্ব করবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
অন্যদিকে, কেন্দ্রীয় শহিদ মিনারে বিকেলে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত বছরের এই দিনে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের ১ দফা ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। শেষ পর্যন্ত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পতন হয় টানা ১৬ বছর ক্ষমতা থাকা আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকাররের। দিনটি স্মরণ করতে এ সমাবেশ করছে ছাত্রদল ও এনসিপি।
সমাবেশ কেন্দ্র করে শাহবাগ, শহিদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় প্রচুর জনসমাগম ঘটবে। ফলে শাহবাগ ক্রসিং দিয়ে যান চলাচল সম্ভব হবে না বলে এক বিজ্ঞপ্তিতে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মহানগরবাসীকে শাহবাগ এড়িয়ে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।
শফিকুল ইসলাম/অমিয়/