দীর্ঘ ১৬ বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলার অধীনস্ত ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলোর টিমপ্রধানদের নির্দেশনায় এসব কমিটি অনুমোদন দেয় স্ব-স্ব জেলা ইউনিটের দায়িত্বশীল নেতারা।
ঘোষিত কমিটিগুলোর মধ্যে দক্ষিণ জেলার অধীনস্থ ৩৫টি কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ এবং সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন। উত্তর জেলা ইউনিটের ১২টি কমিটির মধ্যে ১০টি কমিটি অনুমোদন করা হয়েছে। এতে স্বাক্ষর করেন উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক এ কে এম সুজা উদ্দিন।
দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ ও উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল খবরের কাগজকে জানান, আগে দক্ষিণ জেলা ইউনিটের অধীনস্ত গফরগাঁও সরকারি কলেজ এবং মুক্তাগাছা সরকারি শহিদ স্মৃতি কলেজের আংশিক কমিটি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে করা হয়েছিল। উত্তর জেলা ইউনিটের আরও দুটি কমিটি করতে হবে। দ্রুত সময়ের মধ্যে সেগুলোর ঘোষণা দেওয়া হবে।
এ বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলার টিমপ্রধান ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মো. শাকির আহম্মেদ বলেন, ‘বিগত ১৫ বছর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ ছাড়া অন্য কোনো ছাত্রসংগঠনের সহাবস্থান ছিল না। তারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাসীদের অভায়রণ্য হিসেবে তৈরি করেছিল। ছাত্রদল চেষ্টা করছে মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে। এ লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদল কাজ করছে। আমরা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চাই।’