বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের (মাহবুব) কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলটির প্রতিষ্ঠাতা ড. আ ফ ম মাহবুবুল হকের স্ত্রী কামরুন নাহার বেবী মারা গেছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টার দিকে কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা উৎপলা ক্রান্তিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাসদের (মাহবুব) কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন চৌধুরী লিটন এই খবর জানিয়ে বলেন, ‘কামরুন নাহার বেবী চার বছর ধরে কোলন ক্যানসারে ভুগছিলেন।’
বাসদের (মাহবুব) সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভুইয়া বেবী মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, ‘কামরুন নাহার বেবীর মৃত্যুতে পার্টি একজন নিবেদিত প্রাণ নেতাকে হারালো।’
কামরুন নাহার বেবী ১৯৫২ সালে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। বাবা প্রকৌশলী মাফুজুর রহমান, মাতা ফজিলতুন নেসা চার সন্তানের মধ্যে কামরুন নাহার বেবী ছিলেন সবার বড়। ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগ থেকে তিনি মাস্টার্স সম্পন্ন করেন। তিনি জাসদ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। রাজনৈতিক মামলায় জেলে যেতে হয়েছিল তাকে। কারাগারে বসেই তিনি অনার্স ফাইনাল পরীক্ষায় অংশ নেন।
বেবী পরে বাসদে যোগ দিয়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সদস্যপদ পান। নাট্য আন্দোলনেও সক্রিয় ছিলেন তিনি। বেবী ক্রান্তিশিল্পী গোষ্ঠী সদস্য ছিলেন।
লিটন জানান, আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় কানাডার অটোয়ায় স্বামী ও বাসদ নেতা আ ফ ম মাহবুবুল হকের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
জয়ন্ত/রিফাত/