জুলাই সনদ জাতির মুক্তির সনদ, এটি উপেক্ষা করা হলে জাতীয় জীবনে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির বৈঠকে এ মন্তব্য করেন দলটির শীর্ষ নেতারা।
বৈঠকে নেতারা বলেন, ‘জুলাই সনদ কেবল রাজনৈতিক ঘোষণাপত্র নয়; বরং এটি হতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, ইসলামি মূল্যবোধ সংরক্ষণ এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার সুস্পষ্ট রূপরেখা। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে দেশের প্রতিটি জেলা-উপজেলা, থানা-মহল্লা ও ইউনিয়ন পর্যায়ে আন্দোলনকে আরও শক্তিশালী করা হবে। জনগণের ন্যায্য অধিকার আদায়ে বাংলাদেশ খেলাফত মজলিস শেষ পর্যন্ত রাজপথে থাকবে।
এ সময় সরকারকে অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করারও প্রতি আহ্বান জানানো হয়।
এ ছাড়া বৈঠকে ইমারাত এ ইসলামিয়ার (তালেবান সরকার) আমন্ত্রণে আফগানিস্তান সফরত আমির মাওলানা মামুনুল হকের সফর নিয়েও আলোচনা হয়। সময়োপযোগী এই সফরকে স্বাগত জানিয়ে নেতারা আশা প্রকাশ করেন- বাংলাদেশ ও আফগানিস্তানের জনগণের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষা-খাতে দুই দেশের সহযোগিতা বৃদ্ধি পাবে এবং উভয় দেশই এতে উপকৃত হবে।
বৈঠকে সাম্প্রতিক সময়ে সরকারের প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানো হয়। অবিলম্বে এই নিয়োগের সিদ্ধান্ত বাতিলে করে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন- অভিভাবক পরিষদের সদস্য মাওলানা আলী আকরাম, নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করীম জালালী, মুফতী সাঈদ নূর, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজীজ, মুফতী শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা আবু সাঈদ নোমান, মুফতি উজায়ের আমীন ও মাওলানা মুহসিনুল হাসান প্রমুখ।
শফিকুল ইসলাম/সুমন/