বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পিআর চান খুব ভালো কথা। পিআরের কথা বলে জনগণের কাছে যান। জনগণকে বুঝান, জনগণ মেনে নিলে আলহামদুলিল্লাহ। জনগণ যে রায় দেবে, সবাই মেনে নেবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার শিল্পকলা অ্যাকাডেমিতে পৌর বিএনপির সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, আজ অনেকেই বলছেন পিআর ছাড়া নাকি নির্বাচন হবে না এবং পিআর ছাড়া নাকি শাসক স্বৈরাচার হয়ে যাবে। সংবিধানের তো কোনো দোষ নেই, দোষ হচ্ছে যারা রাতের ভোট দিনে করেছেন।
তিনি বলেন, সংবিধানে তো খুব ভালো ভালো কথা লেখা ছিল। সংবিধান স্বৈরাচার হতে বলেনি। জনগণের ভোটের যাদের প্রয়োজন পড়েনি, সেই মানুষগুলো নিজেরা কর্তৃত্ববাদী হয়েছেন। স্বৈরাচার হিসেবে নিজেদের আবির্ভূত করেছেন। কাজেই স্বৈরাচার যদি রুখতে হয় রাজনৈতিক যে মানসিকতা, রাজনৈতিক যে কালচার সেটার মধ্যে পরিবর্তন আনতে হবে।
তিনি আরও বলেন, জনগণকে দেশের মালিক মনে না করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য আর প্রশাসন আর বিচার বিভাগের কিছু মানুষকে কবজা করে দেশ শাসনের চেষ্টা করেছেন। দেশটাকে নিজেদের পৈতৃক সম্পত্তির মতো ব্যবহারের চেষ্টা করেছেন। দোষ তো তাদের, সংবিধানের নয়।
এ সময় মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমশাদ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন। এ ছাড়া জেলা ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
পুলক/মেহেদী/