চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীরা।
রবিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার আমিলাইশ ইউনিয়নের প্রায় ১০জন ছাত্রলীগের কর্মী একত্রিত হয়ে একটি কক্ষে এ কর্মসূচি পালন করেন। এ সময় ছাত্রলীগের কর্মীরা শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ সংক্রান্ত কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ছবি ও ভিডিওগুলো অনেকে ফেসবুকে শেয়ার করে প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এবং ওই ছাত্রলীগ কর্মীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ ছাড়াও ওই কর্মসূচির ৩০ সেকেন্ডের একটি ভিডিও ও একাধিক ছবি স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আত্মগোপনে থাকা নেতা-কর্মীরা ফেসবুকে ব্যাপক শেয়ার করেছেন এবং ওই ছাত্রলীগ কর্মীদের উৎসাহ দিয়েছেন।
আমিলাইশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আরমান উদ্দিন তার ফেসবুকে লিখেছেন, 'সত্যি আজকে গর্ব হচ্ছে আমার ইউনিয়ন নিয়ে। চট্টগ্রাম দক্ষিণ জেলার আওয়াতাধীন সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা বাংলাদেশের উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনার ৭৯তম জন্মদিন পালন করা হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমৃত্যু স্নেহের ছোট ভাইদের পাশে আছি।'
সোমবার দুপুর দেড়টার দিকে তিনি ফেসবুকে আরও একটি পোস্টে লিখেন, ছোট ভাই তোমরা গুজবে কান দিও না। তোমরা শেখ মুজিবের সৈনিক, তোমরা মুক্তিযুদ্ধ সৈনিক, তোমরা ৩০ লাখ শহিদের সৈনিক। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে ইনশাআল্লাহ।
আমিলাইশ ইউনিয়ন যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এনাম হোসেন শেখ হাসিনার জন্মদিন উদযাপনের ছবিগুলো জুড়ে দিয়ে তার ফেসবুকে লিখেছেন, তোমরাই হবে আগামীর বাংলাদেশ। ইনশাআল্লাহ, দোয়া রইল।
এদিকে সাতকানিয়া উপজেলা জমায়েত নেতা মুহাম্মদ আইয়ুব আলী তার ফেসবুকে লিখেছেন, আমিলাইশ ইউনিয়নে স্বৈরাচারী খুনি শেখ হাসিনার জন্মদিন পালনকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে অতিদ্রুত অভিযান চালানোর জন্য সাতকানিয়া থানা প্রশাসনের প্রতি অনুরোধ করছি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম খবরের কাগজকে বলেন, 'রাতের আঁধারে আমিলাইশ ইউনিয়নে নিষিদ্ধঘোষিত সংগঠনের কিছু কর্মী একত্রিত হয়ে একটি কর্মসূচি পালন করার কিছু ভিডিও ও ছবি আমাদের হাতে এসেছে। ভিডিও ও ছবিগুলো বিশ্লেষণ করে বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। বাকিদের শনাক্ত করার কাজ চলছে। তাদেরকে শীঘ্রই আইনের আওতায় আনা হবে।'
আরিফুল/রিফাত/