শেখ হাসিনা জাতিকে প্রতারিত করেছিল, জুলাই সনদ বদলে দিয়ে এখন দেশে নতুন প্রতারকের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে যে জুলাই সনদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, সেই স্বাক্ষরিত জুলাই সনদ প্রডিউস করা হয়নি। লিখিত সংবিধানের কিছু সুনির্দিষ্ট পন্থা আছে। বিশ্বের কোনো দেশেই সংবিধানে কোনো বিষয় অটোমেটিক সন্নিবেশিত হওয়ার নজির নেই। শেখ হাসিনা জাতিকে প্রতারিত করেছিল; জুলাই সনদ বদলে দিয়ে এখন দেশে নতুন প্রতারকের জন্ম হয়েছে।অবিলম্বে প্রতারণা বন্ধ করে আসল সনদ জাতির সামনে উপস্থাপনের দাবি জানাচ্ছি।’
শনিবার (১ নভেম্বর) ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বার্ষিক কাউন্সিল ও নির্বাচনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিদায় নেওয়ার পর আমরা আশা করেছিলাম যে- ভোটের জন্য আমার ভাই রক্ত দিয়েছিল, সেই ভোট অনুষ্ঠিত হবে। কিন্তু দুঃখের বিষয় বর্তমান সরকারের কর্মকাণ্ডে দেশের মানুষ সন্দিহান হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক কোনো সরকার নেই। ২০০৮ সালের নির্বাচনের পর থেকে গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশের আবাল-বৃদ্ধ-বনিতা থেকে শুরু করে দেশের রাজনৈতিক দল, ছাত্র, যুবকসহ পেশাজীবী সংগঠন আন্দোলন করেছে। অনেকে জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, গুম হয়েছে। সর্বশেষ ছাত্র-জনতার অভ্যুত্থানে দুই হাজারের বেশি শহিদ হয়েছেন শুধুমাত্র একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখার জন্য।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে অবিলেম্ব জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ফ্রেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দেবেন। এখন আমরা দেশের ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা দেখতে পাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতাবিরোধীদের কথায় যদি আপনি নির্বাচনের তারিখ নিয়ে তালবাহানা করেন তাহলে আইনজীবী সমাজ সারা দেশে আন্দোলন গড়ে তুলে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধ্য করবে।
তিনি বলেন, আইনজীবী সমাজ আইনের শাসনে বিশ্বাসী। আমরা চাই বিচার বিভাগের ওপর যেন নির্বাহী বিভাগের কেউ হস্তক্ষেপ না করে। শেখ হাসিনা অনেক সময় বিচার বিভাগ নিয়ে তির্যক মন্তব্য করতেন। কিন্তু বর্তমানে আইন উপদেষ্ট আসিফ নজরুল বিচার বিভাগ নিয়ে নানা মন্তব্য করছেন, যা আইনজীবী সমাজ ভালোভাবে দেখছেন না। বিচার বিভাগ নিয়ে এমন কোনো মন্তব্য করবেন না, যাতে বিচার বিভাগ সংশ্লিষ্টরা যেন আস্থাহীনতায় ভোগে।
আসিফ নজরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখনই থামুন। নইলে স্বাধীন বিচার বিভাগের স্বাধীনতা এবং আলাদা সচিবালয় করার দাবিতে আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামবে।
এ সময় অ্যাডভোকেট আবু রেজা ফজলুল হক বাবলু, অ্যাডভোকেট সৈয়দ এনায়েতুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের উদ্বোধন করেন ব্যারিস্টার কায়সার কামাল।
কামরুজ্জামান মিন্টু/অমিয়/