নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার (৭ নভেম্বর) দেশের বিভিন্ন জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে।
দিনটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
রাজশাহী: শুক্রবার সকালে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বিকেলে শহরের বাটা মোড় থেকে আনন্দ র্যালি বের হয়। এ ছাড়া সব দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াত ও জিয়াউর রহমানের ভাষণ প্রচার করা হয়।
সিলেট: গত বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়। সিলেট নগরীর মিরাবাজার থেকে র্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বরিশাল: দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরীর অশ্বিনীর কুমার হলের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সদর-৫ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।
খুলনা: শুক্রবার বিকেলে নগরীর শিববাড়ি জিয়া হল প্রাঙ্গণে মহানগর ও জেলা বিএনপি সমাবেশ, বর্ণাঢ্য র্যালি ও দোয়া মোনাজাত করে। এতে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি শফিকুল আলম মনা। সমাবেশ শেষে শিববাড়ি মোড় থেকে একটি বিশাল মিছিল রয়্যাল চত্বরে এসে শেষ হয়।
ময়মনসিংহ: বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল বিকেলে নগরীর নতুন বাজারের বিএনপি কার্যালয়ের সামনে থেকে মহানগর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
নরসিংদী: শুক্রবার নরসিংদী জেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে র্যালিটি নরসিংদী পৌর ঈদগা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে রেলস্টেশনে গিয়ে শেষ হয়।
গাইবান্ধা: শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা ২ আসনের মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবু। এ ছাড়া সাত উপজেলায়ও দোয়া মাহফিল, আলোচনা সভা ও শোভাযাত্রা পালিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পৃথকভাবে র্যালি ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল বিকেলে ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয় মাঠে বিশাল সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিঞা। একই সময় পৌর পার্কের সামনে থেকে জেলা বিএনপির একটি র্যালি বের হয়।
ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে দিবসটি উপলক্ষে মিছিল বের হয়। গতকাল বিকেল ৪টায় ঘাটাইল জিবিজি কলেজ মাঠ থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে সমাবেশে মিলিত হয়। আয়োজনে নেতৃত্ব দেন সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লুৎফর রহমান আজাদ।
দিনাজপুর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে
পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর: শুক্রবার বিকেলে মধুখালী উপজেলা পাইলট স্কুলের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে মধুখালী উপজেলা বিএনপি।
ফেনী: ফেনীতে বিপ্লব ও সংহতি দিবসের র্যালি ও আলোচনা সভায় স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে রূপ নেয়।
এ ছাড়া বাগেরহাট, মাদারীপুর, মাগুরা, জামালপুর, বাউফল, হাতিয়া, সোনারগাঁ, রাঙ্গুনিয়া, ধামরাই, আখাউড়াসহ বিভিন্ন জেলা উপজেলায় দিবসটি পালিত হয়েছে।