ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, এই রায়ে ন্যায়বিচার প্রতিফলিত হয়েছে। মজলুম জনতার প্রত্যাশা পূরণ হয়েছে। এই রায় আমাদের রাজনৈতিক ইতিহাসের মাইলফলক হয়ে থাকবে। রাষ্ট্রকে ব্যবহার করে জনতার ওপরে দমন-পীড়নের বিরুদ্ধে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।
সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
ইউনুস আহমদ বলেন, 'পতিত ফ্যাসিবাদ অনেক বিস্তৃত অপরাধচক্র গড়ে তুলেছিল। সেই চক্রের প্রধান সম্পর্ক হিসেবে একটি মামলার রায় হলো। পর্যায়ক্রমে সব অপরাধীকেই শাস্তির আওতায় আনতে হবে। এই বিচার প্রক্রিয়ার সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শহিদ পরিবার ও আহতদের প্রতি আমাদের সম্মান ও বেদনা আবারও ব্যক্ত করছি।'
সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততার সঙ্গে রায় বাস্তবায়ন করার ব্যবস্থা নিতে হবে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আইন তার নিজস্ব গতিতে কাজ করবে বলেই আমরা প্রত্যাশা করি। আইনের নিজস্ব গতি ও ধারাতেই সব অপরাধের বিচার হবে ইনশাআল্লাহ।'
ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, 'আজকের দিন আমাদের জন্য আনন্দের দিন। এই দিনে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। দেশবাসী কাউকে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতেও দেবে না এবং আইন হাতে তুলে নেওয়ার মতো কোনো কাজ কেউ করব না। আল্লাহ তায়ালা বাংলাদেশকে শান্তিময় করে তুলুন।'
শফিকুল/মেহেদী/