নিবন্ধিত রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত ইসির সংলাপে ডাকা হয়নি প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দল জাতীয় পার্টিকে। মঙ্গলবার (১৮ আগস্ট) ইসির জনসংযোগ শাখা পাঠানো শিডিউল থেকে এথ্য জানা গেছে।
বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১২টি দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আমন্ত্রিত দলের তালিকায় রয়েছে নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে দুদফায় সংলাপে অংশ নেবেন ১২টি রাজনৈতিক দল।
বুধবার সকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংলাপে বসবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএজেএমপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিনিধিরা।
দুপুর ২ট থেকে ৪টা পর্যন্ত ইসির সঙ্গে সংলাপে অংশ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রতিনিধিরা।
এর আগে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত ১৩ নভেম্বর থেকে এই সংলাপ শুরু করে ইসি। গত ১৭ নভেম্বর পর্যন্ত তিন দিনের সংলাপে ইসির সঙ্গে আলোচনার আমন্ত্রণ পেয়েছে ৩৫টি দল। আমন্ত্রিতদের মধ্যে শুধু তৃণমূল বিএনপি সংলাপে অংশ নেয়নি।
সংসদ নির্বাচনের রেওয়াজ অনুযায়ী, প্রতিটি জাতীয় নির্বাচনের মতো এবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে ইসি। প্রথমে তারা জানায় নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ ছাড়া সংলাপে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। তবে গণঅধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে দলগুলোর সংলাপ নিয়ে কৌশল অবলম্বন করছে সিইসি নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান কমিশন। শেষ পর্যন্ত ইসির এই সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হলো না।
এনসিপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)সহ বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৫। এছাড়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও তিনটির নিবন্ধন বাতিল হয়েছে।
এলিস/মাহফুজ