ফরিদপুরের সালথায় এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি সমর্থক দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০টি গ্রামের মানুষ অংশ নেন। সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া বাজার এলাকায় তিনটি স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে অন্তত ২০টি বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে। লুটপাট করা হয়েছে একটি খামারের ২০টি গবাদিপশুসহ মালামাল।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ে গত বেশ কিছুদিন যাবত বিএনপির জাহিদ মাতুব্বর ও নুরু মাতুব্বরের সমর্থকদের মধ্যে বিরোধ শুরু হয়। সম্প্রতি এই বিরোধের জেরে উভয় নেতার সমর্থকদের কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটেছে। শনিবার সকালে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে এই সংঘর্ষ বালিয়া বাজার, কাঠিয়ার গট্টি গ্রাম ও বালিয়া গট্টি গ্রামে ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি, আড়ুয়াকান্দী, ঝুনাখালি, মেম্বার গট্টি, ভাবুকদিয়া, সিংহপ্রতাব, গট্টি, কানুইর, দিয়াপাড়া, জয়ঝাপ, আগুলদিয়া, মোড়হাটসহ অন্তত ২০টি গ্রামের মানুষ অংশ নেন। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অন্তত ২০টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।
সালথা থানার পরিদর্শক (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল খবরের কাগজকে বলেন, সকাল থেকে সংঘর্ষ শুরু হয়। দীর্ঘক্ষণ চেষ্টার পর বেলা পৌনে ১২টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সঞ্জিব দাস/অমিয়/