শফিক মির। ছবি: খবরের কাগজ
ভোলার মনপুরায় দোকানঘর ও বিএনপি অফিসের টিনশেড ঘরের বেড়া এবং শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে দিনভর উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শফিক মির নামে এক কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। এ সময় নিজেদের লাঠির আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক যুবদল নেতা।
রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শফিক মির দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা এবং ছাত্রলীগের কর্মী।
আহত লোকমান ছৈয়াল দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে নতুন বাজার এলাকার কয়েকটি দোকানঘর এবং বিএনপি অফিসের টিনশেডের বেড়া ও শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখা দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বাজারে আসা শফিক মিরকে আটক করে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা মারধর করেন এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় ধস্তাধস্তির মধ্যে যুবদল নেতা লোকমান ছৈয়াল আহত হন।
এ ঘটনায় উপজেলা ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা-কর্মীর সম্পৃক্ততা নেই। তারা অভিযোগ করেন, কোনো একটি গোপন চক্র রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে ছাত্রলীগের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। একই সঙ্গে তারা আটক শফিক মিরের মুক্তি দাবি করেন।
দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল মাস্টার বলেন, ঘটনার বিষয়ে উপজেলা নেতাদরে সঙ্গে আলোচনা করে দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নতুন বাজার এলাকার ঘটনায় একজন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইমতিয়াজুর/রিফাত/