ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তিনি।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বিএনপিতে যোগদান করায় আমরা আনন্দিত। আশা করি, তার এই যোগদান আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে।’
এ সময় এহসানুল হুদা বলেন, ‘আমি আমার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছি। আমাকে এই সুযোগ দেওয়ায় বিএনপি মহাসচিবসহ দলের সব নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপিতে যোগদানের পর এহসানুল হুদাকে কিশোরগঞ্জ-৫ আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে ওই আসনে দলের বর্তমান প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
এর আগে গত ৮ ডিসেম্বর নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। যোগদানের পর তাকে লক্ষ্মীপুর-১ আসন থেকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়।
এ ছাড়া গত ১ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি দলে যুক্ত হন।
এদিকে যোগদান অনুষ্ঠানে জানানো হয়, আসন্ন সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন সৈয়দ এহসানুল হুদা। এই আসনের প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। হুদার আগে বিএনপিতে যোগদানের পর, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর-১ আসন এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসনের মনোনয়ন পেয়েছেন।
শফিকুল/রিফাত/