বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫মিনিটের দিকে ফ্লাইটি অবতরণ করে।
এর কিছুক্ষণ আগে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে ফ্লাইটটি। এর পরপরই তারেক রহমান নিজের ফেসবুক পেজে এক পোস্টে লেখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।’
এর আগে দেশের আকাশে প্রবেশ করার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট করেছেন তিনি। ফেসবুক পোস্টে তারেক রহমান একটি ছবি যুক্ত করে লিখেছেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’ এর আগে আজ ভোর ৫টা ১৫ মিনিটে তিনি ‘ফেরা’ শিরোনামে আরও একটি পোস্ট দেন। সেই ছবিতে তাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বসে নথি পড়তে দেখা যায়।
সিলেটে যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি।
গতকাল বুধবার বাংলাদেশে সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে বিমানটি। তারেক রহমানের সাথে একই বিমানে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ রজনীগন্ধায় অবস্থান শেষে তারেক রহমান সড়কপথে কুড়িল হয়ে ৩০০ ফুট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে তিনি সমবেত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন এবং দুপুর ৩টা ৪০ মিনিট পর্যন্ত অবস্থান করবেন।
৩০০ ফিট এলাকা থেকে বসুন্ধরা জি ব্লকের গেট দিয়ে তারেক রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে বিকেল ৪টা ১০ মিনিট থেকে প্রায় এক ঘণ্টা তিনি চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে অবস্থান করবেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে (ফিরোজা) যাবেন।
অমিয়/