কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ১১৪টি মনোনয়নপত্র জমা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন জেলা রিটার্নিং অফিসার ও উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এর মধ্যে একজন প্রার্থীর পক্ষে একাধিক মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছে।
এর আগে জেলার ১১টি সংসদীয় আসনে ১৪৪টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছিলো। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ১১৪টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এদিন উৎসবমুখর পরিবেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে ১৪টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও এর মধ্যে ১২টি ফরম জমা হয়েছে। এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন। তবে এ আসন থেকে তার পুত্র বিএনপির কেন্দ্রীয় সদস্য ড. মারুফ হোসেনও মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে ১৫টি মনোনয়ন ফরমের মধ্যে ১১টি জমা হয়েছে।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ১৩টি মনোনয়ন ফরমের মধ্যে ৯টি জমা হয়েছে।
কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনে ১৪টি মনোনয়ন ফরমের মধ্যে ৮টি জমা হয়েছে। এই আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মনোনয়নপত্র দাখিল করেছেন। হাসনাতকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম সহিদ। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সী।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ১৬টি মনোনয়ন ফরমের মধ্যে ১১টি জমা হয়েছে।
কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ-সিটি করপোরেশন সেনানিবাস) আসনে ১৪টি মনোনয়ন ফরমের মধ্যে ১১টি জমা হয়েছে। এই আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী মনোনয়ন জমা দিয়েছেন। এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন কাজী দ্বীন মোহাম্মদ। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশীদ ইয়াছিন।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ১০টি মনোনয়ন ফরমের মধ্যে ৯টি জমা পড়েছে।
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে ১০টি মনোনয়ন ফরমের মধ্যে ১০টিই জমা দিয়েছেন প্রার্থীরা। এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন। এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন অধ্যক্ষ শফিকুল আলম হেলাল।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১৯টি মনোনয়ন ফরমের মধ্যে ১৫টি জমা হয়েছে। এই আসনে থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত পার্থী কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো.আবুল কালাম। এ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. সরওয়ার উদ্দিন সিদ্দিকী। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক ডাকসু সদস্য ড. রশীদ আহমেদ হোসাইনী এবং সাবেক এমপি আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলাও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে ৯টি মনোনয়ন ফরমের মধ্যে ৯টিই জমা হয়েছে। এই আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত পার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভুইঁয়া।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১০টি মনোনয়ন ফরমের মধ্যে ৯টি জমা দেওয়া হয়েছে। এ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপির প্রার্থী হচ্ছেন কামরুল হুদা।
কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রেজা হাসান জানান, জেলার ১১টি সংসদীয় আসনে ১৪৪টি মনোনয়ন ফরম সংগৃহীত হয়েছে। মনোনয়নপত্র জমার শেষ দিনে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
জহির/মাহফুজ