জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। তার দাখিল করা নির্বাচনি হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে ব্যাংক ব্যালেন্স, বাড়ি-গাড়ি-স্বর্ণালংকার– সবই আছে তার। হলফনামায় তিনি বলেছেন পেশায় তিনি একজন অর্থনীতিবিদ। তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলার তথ্য নেই।
বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান বা অন্যান্য ভাড়া বাবদ ড. রেজা কিবরিয়ার বার্ষিক আয় দেখানো হয়েছে ৫ লাখ ৯৮ হাজার টাকা। একই খাতে তার ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় ১৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা। তবে নিজের নামে কোনো ব্যবসা, শেয়ার বা সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের তথ্য নেই। অন্যদিকে নির্ভরশীলদের নামে রয়েছে ২ লাখ ৫৪ হাজার ৭৪০ টাকার ব্যবসা এবং ৮ লাখ ৩০ হাজার ৪০৬ টাকার শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত।
অস্থাবর সম্পদের বিবরণীতে দেখা যায়, ড. রেজা কিবরিয়ার নামে ব্যাংকে জমা রয়েছে ৩ কোটি ৩১ লাখ ৫০ হাজার ৮৩৬ টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ২ কোটি ১২ লাখ ১ হাজার ৬৯ টাকা। এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ড. রেজা কিবরিয়ার নিজের নামে কোনো অর্থ না থাকলেও, স্ত্রীর নামে ব্র্যাক ব্যাংকে রয়েছে ২ লাখ ৮৩ হাজার ৫৫৪ টাকা।
যানবাহনের ক্ষেত্রে তার নামে রয়েছে ১০ লাখ টাকার একটি গাড়ি। অন্যদিকে তার স্ত্রীর নামে রয়েছে ৮৯ লাখ টাকার মোটরযান।
স্বর্ণালংকারের বিবরণীতে ড. রেজা কিবরিয়ার নামে অর্জনকালীন মূল্য অনুযায়ী রয়েছে ৫ লাখ ১০ হাজার টাকার স্বর্ণ। আর তার স্ত্রীর নামে রয়েছে ১২৫ ভরি স্বর্ণালংকার। গৃহস্থালি সামগ্রীর মধ্যে বাসায় ইলেকট্রনিক পণ্যের মূল্য দেখানো হয়েছে ড. রেজা কিবরিয়ার ক্ষেত্রে ২ লাখ টাকা এবং স্ত্রীর ক্ষেত্রে ১ লাখ টাকা। আসবাবপত্রের মূল্য ড. রেজা কিবরিয়ার নামে ২ লাখ ৫৫ হাজার টাকা এবং স্ত্রীর নামে ১ লাখ ৫০ হাজার টাকা।
স্থাবর সম্পদের মধ্যে ড. রেজা কিবরিয়ার নামে রয়েছে ৩ একর ১০ শতক কৃষিজমি, যার অর্জনকালীন মূল্য ১ কোটি ৫০ লাখ ১৫ হাজার টাকা। এ ছাড়া তার নিজের নামে আড়াই কোটি টাকার অকৃষিজ জমি এবং স্ত্রীর নামে রয়েছে ৬৬ লাখ ২০ হাজার টাকার অকৃষিজ জমি।
ড. রেজা কিবরিয়ার নামে ধানমন্ডিতে একটি ফ্ল্যাট এবং তার স্ত্রীর নামে গুলশান-২ এলাকায় দুটি ফ্ল্যাট থাকার তথ্যও হলফনামায় উল্লেখ করা হয়েছে।