আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একজন সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ভোটারদের নানা ভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন এতে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৫ ও ৭ নং ওয়ার্ডে নির্বাচনি গণসংযোগ কালে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোনোভাবেই সন্ত্রাসীদের আশ্রয় দেবেন না। নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে আপনার প্রছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করবেন।
তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে কোনো মাদক কারবারি, চাঁদাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যুদের ছাড় দেব না।
স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, তিনি যখন এমপি ছিলেন, তখন সিদ্ধিরগঞ্জ এলাকার উন্নয়ন না করে চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাসীর রামরাজত্ব কায়েম করেছিলেন। এজন্য এবারের নির্বাচনে ভোটাররা তাকে দাত ভাঙ্গা জবাব দেবে।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলম রবি, সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকবুর রহমান সাগর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মোল্লা মোহম্মদ সাখাওয়াত, সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবির হোসেন ও ৭নং ওয়ার্ড যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়াসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ইমরান হোসেন/নাঈম