মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী শান্তিপাড়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে করা দুই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রুহুল মল্লিক (৪০) নামে সাবেক নেতাকে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়েছে।
এ সময় তিনি যে বাড়িতে আত্মগোপনে ছিলেন, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ ও ডিবি সদস্যদের সহায়তায় অতিরিক্ত ফোর্স আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রুহুল মল্লিক (৪০) মাগুরা পৌরসভার বরুনাতৈল গ্রামের বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মাগুরা জেলা শাখার সাবেক সহ-সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শহিদ মেহেদী হাসান রাব্বি হত্যা মামলার বাদী মো. ইউনুস আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রুহুল মল্লিক তার মামাশ্বশুর শুকুর মিয়ার বাড়িতে আত্মগোপনে রয়েছেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় জনতা ওই বাড়িটি ঘেরাও করে।
বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, উত্তেজিত জনতা বাড়িতে ঢুকে রুহুল মল্লিককে মারধর করছে এবং বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠায়।
ঘটনার বর্ণনা দিয়ে রুহুল মল্লিকের স্ত্রী শাহনাজ পারভীন সাংবাদিকদের জানান, ‘আমার ছেলের অসুস্থতার খবর শুনে বৃহস্পতিবার রাতে রুহুল ভাড়া বাসায় আসে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাড়িটি ঘিরে ফেলে। তারা বাথরুমের ভেন্টিলেটর দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে দরজা ও জানালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে মারধর শুরু করে। আমাকেও তারা পিটিয়েছে।’
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস বলেন, ‘বিকেলে একজনকে গুরুতর আহত অবস্থায় আনা হয়েছে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।’
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়। পারনান্দুয়ালী এলাকায় একটি ভাড়া বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় স্থানীয় জনতা তাকে পিটিয়ে আহত করেছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট মাগুরা শহরে ছাত্র আন্দোলন চলাকালে শহরের ঢাকা রোড এলাকায় প্রতিপক্ষের গুলিতে নিহত হন জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন। এ দুটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি রুহুল মল্লিক। এছাড়া তার বিরুদ্ধে আরও প্রায় এক ডজন মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, রুহুল মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শ্রাবন/রিফাত/