আওয়ামী লীগ ও শেখ হাসিনার সন্তানদের আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের ভূইগড় এলাকায় ৪ আসনের নির্বাচনি এই পথসভায় তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, 'একটি রাজনৈতিক দলের প্রধান বিদেশি গণমাধ্যমে বলেছে জনগণ যদি চায় শেখ হাসিনার সন্তানরা ফিরে আসবে। তার মানে তিনি শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফিরিয়ে এনে পুনর্বাসনের চেষ্টা করছেন। যদি এমন চেষ্টা করা হয়, তাহলে ১১ দলীয় জোট সহ দেশের জনগণ তা প্রতিহত করবে৷ আওয়ামী লীগ ও শেখ হাসিনার সন্তানদের আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। শেখ হাসিনা সন্তানদের ফিরিয়ে আনার জন্য পাচঁ আগস্ট হাজারো ছাত্রজনতা বুকের রক্ত ঢেলে দেয়নি। তাদের ফিরিয়ে আনার জন্য দেশের জনগণ বিতাড়িত করেনি।'
এ সময় তিনি একটি দলের নেতারা ক্ষুধার্ত শকুনের মতো বসে আছে জানিয়ে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ওই দল ক্ষমতায় গেলে চাঁদাবাজি, সন্ত্রাসী ও লুটপাটে দেশের জনগণ আর শান্তি পাবে না বলেও জানান তিনি।
পরে নির্বাচনি পথসভায় এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া ১১ দলীয় ঐক্যের শাপলা কলির প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তারা নির্বাচিত হলে হাদী হত্যা, জুলাই গণ-অভ্যুত্থানের সব হত্যা, শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে বলে জানান আসিফ মাহমুদ সজিব ভুইয়া।
এর আগে নারায়ণগঞ্জ চার আসনে এনসিপির প্রার্থীকে সমর্থন জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী আনোয়ার হোসেনকে প্রত্যাহারের ঘোষণা দেন দলটির আমীর মাওলানা মামুনুল হক।
এ সময় তিনি বলেন, স্বাধীনতার পর থেকে শাসক ও নেতারা চুরি, লুটপাট করে দেশের সম্পদ বিদেশে টাকা পাচার করেছে, তাই দেশের স্বার্থে আগামী নির্বাচনের মধ্যে ১১ দলীয় ঐক্য দলীয় লুটপাটের রাজনীতি বন্ধ করবে।
নির্বাচনি এই পথসভায় এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, জামায়াতে ইসলামীসহ জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সভার আগে খণ্ড খণ্ড মিছিল ও দলীয় প্রতীক নিয়ে যোগ দেন দলগুলোর নেতাকর্মীরা।
বিল্লাল হোসাইন/সুমন/