যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিক জিতলে সিলেট-৩ আসন একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
তিনি বলেন, ‘সিলেটের এই আসন ইনশাআল্লাহ আগামী দিনে একটি সম্মানিত ও গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। ১২ তারিখে এম এ মালিক ইনশাআল্লাহ বিজয়ী হবেন। বিএনপি সরকার গঠিত হলে প্রকৃত উন্নয়ন শুরু হবে।’
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট-৩ আসনের বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ) আসনে বিএনপির দলীয় প্রার্থী সম্পর্কে বক্তৃতায় হুমায়ুন কবির বলেন, সিলেটের উন্নয়ন ও জাতীয়তাবাদী রাজনীতির প্রশ্নে এম এ মালিক একজন পরীক্ষিত ও নির্ভীক নেতা। তিনি জীবনের দীর্ঘ সময় জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস রেখে আন্দোলন-সংগ্রামে যুক্ত থেকেছেন। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দীর্ঘ প্রায় ১৫ বছর তিনি যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করে প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে গেছেন। এমন কোনো জায়গা নেই, যেখানে তিনি জাতীয়তাবাদী আন্দোলনের পক্ষে সোচ্চার হননি।
এম এ মালিককে একজন পরীক্ষিত মানুষ উল্লেখ করে তিনি আরও বলেন, এম এ মালিক এমন একজন মানুষ, তিনি একজন পরীক্ষিত প্রার্থী। এই আসনে জনগণ এতটাই যোগ্য ও পরীক্ষিত ক্যান্ডিডেট পেয়েছে যে তাকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। তিনি মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনায় দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন। দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। এম এ মালিক নির্বাচিত হলে এই এলাকায় নতুন করে উন্নয়ন কার্যক্রম শুরু হবে। নেতৃত্বের সঠিক গঠন হবে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে, ইনশাআল্লাহ। তিনি এমন একজন মানুষ, যিনি কখনো পিছিয়ে যাওয়ার মানুষ নন। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে তিনি নিজেকে প্রমাণ করেছে- হোক তা যুক্তরাজ্য, ইউরোপ কিংবা বাংলাদেশ।
জনসভায় সিলেট-৩ আসনে সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ, সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন রিপন, প্রচার সম্পাদক লোকমান আহমেদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বালাগঞ্জ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লুৎফর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়াসহ প্রমুখ বক্তব্য দেন।
অমিয়/