জাদুর শহর ঢাকা এখন যেন মশার রাজ্যে পরিণত হয়েছে। রাজধানীর অলিগলি, বাসাবাড়ি, রাস্তা এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস এলাকাতেও মশার উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। দিনরাত সর্বক্ষণই মানুষ মশার যন্ত্রণায় অতিষ্ঠ। বিশেষ করে বর্ষা মৌসুমে নালা-নর্দমা, ডোবা এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে মশার বংশবিস্তার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। মশা নিয়ন্ত্রণে মাঝে মাঝে ফগার মেশিন ব্যবহার করা হলেও তা অনেক ক্ষেত্রে পর্যাপ্ত ও কার্যকর মনে হয় না। অনেক এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা হয় না এবং জমে থাকা পানি অপসারণের যথাযথ উদ্যোগও দেখা যায় না। ফলে মশার উৎপত্তিস্থল ধ্বংস করা সম্ভব হচ্ছে না।
এ পরিস্থিতিতে মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। নিয়মিত ড্রেন ও নালা পরিষ্কার রাখা, কোথাও পানি জমে থাকতে না দেওয়া, প্রয়োজনীয় ও কার্যকর ওষুধ ছিটানো এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। একই সঙ্গে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে।
মো. জাহিদুল ইসলাম জাহিদ
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
[email protected]