উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগের জেলাগুলো কি চিরকাল অবহেলিতই থাকবে? দেশে নির্বাচন হয়, ক্ষমতা পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয় কিন্তু উত্তরবঙ্গের উন্নয়ন যেন থমকেই থাকে। প্রতি অর্থবছরে দেশের উন্নয়নে যখন বাজেট প্রস্তাবিত হয় তখন তার খুব অল্প অংশই জোটে উত্তরবঙ্গের জেলাগুলোর কপালে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামগত উন্নয়নের ক্ষেত্রে এ অঞ্চল দেশের বাকি অঞ্চলগুলো থেকে পিছিয়ে। উত্তরবঙ্গের মানুষের বহু আকাঙ্ক্ষিত তিস্তা প্রকল্প নিয়ে বারবার জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও কাজের কাজ এখনো কিছুই হয়নি। এ ছাড়া উত্তরবঙ্গের সড়ক ও রেলপথে যোগাযোগব্যবস্থারও স্বল্পতা রয়েছে। এ অঞ্চলের অনেক গুরুত্বপূর্ণ সড়কই এখনো দুই লেন থেকে চার লেনে উন্নীত করা হয়নি। নবনির্বাচিত সরকারের প্রতি অনুরোধ এবার যেন পর্যাপ্ত বাজেট দিয়ে উত্তরবঙ্গ তথা উত্তরবঙ্গের মানুষের উন্নয়ন করা হয়।
সুমাইয়া জাহান সিনথী
শিক্ষার্থী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
[email protected]