বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের উদ্যোগে ২০ জন লেখককে ‘লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা-২০২৩’ প্রদান করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিজয়ী লেখকদের বিশেষ উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
ফোরাম সভাপতি কবি মুনীরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন ইকবালের সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা লিয়াকত আলী, বরেণ্য লেখক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন, মাসিক আদর্শ নারীর সম্পাদক আবুল হাসান শামসাবাদী, লেখক অনুবাদক জুবায়ের আহমদ আশরাফ, দৈনিক দেশ রূপান্তরের সহ-সম্পাদক ও ইসলামি লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা মেইলের যুগ্ম বার্তা সম্পাদক ও ইসলামি লেখক ফোরামের সাবেক সভাপতি জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব প্রমুখ।
২০২১-২২ সালে প্রকাশিত ফোরাম সদস্যদের পাঠানো প্রায় একশ বইয়ের ওপর মূল্যায়ন করে সেরা ২০ জনকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ৩ জনকে দেওয়া হয় মিডিয়ায় সেরা প্রতিবেদন তৈরির জন্য।
লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা-২০২৩ প্রাপ্তরা হলেন—
১. জীবনী—হুমায়ুন আইয়ুব ও শরীফ আনিসুর রহমান।
২. ইতিহাস—আমিন আশরাফ ও হামমাদ রাগিব।
৩. গল্প/উপন্যাস—সায়ীদ উসমান, শামীম আহমাদ, আমিনুল ইসলাম হুসাইনী, এহসানুল্লাহ জাহাঙ্গীর ও আবদুল্লাহ আশরাফ।
৪. প্রবন্ধ—আমীর ইবনে আহমদ ও গোলাম রাজ্জাক কাসেমী।
৫. শিশুসাহিত্য—নকীব মাহমুদ ও রেদওয়ান সামী।
৬. অনুবাদ—ফয়জুল্লাহ আমান, এনামুল হক মাসউদ ও আবুল ফাতাহ কাসেমী।
৭. ছড়া-কবিতা—জিসান মেহবুব।
৮. ফিচার/প্রতিবেদন—রায়হান রাশেদ, রায়হান আহমেদ তামীম ও সাঈদ আবরার।
প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারাদেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এর মধ্যে সারাদেশের প্রায় পাঁচশ লেখক এই সংগঠনের সদস্য।