জাকাতের বণ্টনব্যবস্থা সঠিক না হলে জাকাত আদায় হবে না। পবিত্র কোরআনে সুরা তওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহতায়ালা জাকাত প্রদানের আটটি খাত বর্ণনা করেছেন। যথা—১. গরিব— যার নেসাব পরিমাণ সম্পদ নেই। ২. মিসকিন—যার মালিকানায় কোনো সম্পদ নেই। ৩. ইসলামি সরকারের পক্ষ থেকে জাকাত সংগ্রহে নিয়োজিত ব্যক্তি। ৪. ইসলামের দিকে চিত্ত আকর্ষণের জন্য জাকাত দেওয়া। ৫. ঋণগ্রস্ত ব্যক্তি। ৬. নির্দিষ্ট পরিমাণ সম্পদের বিনিময়ে স্বাধীন হওয়ার চুক্তিতে আবদ্ধ দাস-দাসী। ৭. আল্লাহর রাস্তায় জিহাদকারী। ৮. মুসাফির—সফর অবস্থায় অভাবগ্রস্ত মানুষ। ফিকাহবিদরা বলেন, দানকৃত ব্যক্তিকে জাকাতের টাকার মালিক বানিয়ে দিতে হবে। অন্যথায় জাকাত আদায় হবে না। যেমন, কাউকে কোনো বস্তু ভোগদখলের অধিকার দিয়ে নিয়ত করল জাকাতের, তা হলে জাকাত আদায় হবে না। সেই হিসেবে কোনো প্রতিষ্ঠান বা মসজিদে জাকাতের টাকা দেওয়া জায়েজ নয়, যদিও তাতে গরিব মানুষ থাকে, নামাজ পড়ে, পড়াশোনা করে। তবে প্রতিষ্ঠানের গরিবদের, মাদরাসার গরিব শিক্ষার্থীদের, মসজিদের গরিব মুসল্লিদের জাকাত দিলে তাতে মালিক বানিয়ে দেওয়ার বিষয়টি থাকলে হবে। (হেদায়া, ১/২০৫)
যাদের জাকাত দেওয়া যাবে না—১. নেসাব পরিমাণ সম্পদের অধিকারী বা ধনীকে জাকাত দেওয়া যাবে না। তবে মুসাফিরকে দেওয়া যাবে। (বাদায়েউস সানায়ে, ২/১৫৮) ২. জাকাতের টাকা কোনো জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যাবে না। (রদ্দুল মুহতার, ২/৩৪৪) ৩. নিজের বাবা-মা, দাদা-দাদি, নানা-নানি, পরদাদা প্রমুখ ব্যক্তি—যারা তার জন্মের উৎস, তাদের নিজের জাকাত দেওয়া যাবে না। এভাবে নিজের ছেলে-মেয়ে, নাতি-নাতনি এবং তাদের অধস্তনকে নিজ সম্পদের জাকাত দেওয়া জায়েজ নয়। স্বামী-স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবে না। (রদ্দুল মুহতার, ২/৩৪৪) ৪. সম্পদশালীর অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েকে জাকাত দেওয়া যাবে না। (বাহরুর রায়েক, ৫/১৭০) ৫. কুরাইশ গোত্রের বনু হাশেমের অন্তর্গত আব্বাস, জাফর, আকিল (রা.)-এর বংশধরের জন্য জাকাত গ্রহণ বৈধ নয়। (মুসলিম, ১০৬৯) ৬. অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ৭১৬৬) ৭. যেসব প্রতিষ্ঠানে ধনী-গরিব সবাই সেবা পায়, সেখানে জাকাত দেওয়া যাবে না। ৯. প্রতিষ্ঠানের বেতনভুক্ত কর্মচারী প্রতিষ্ঠানের এতিমখানা/লিল্লাহ বোডিংয়ের জন্য জাকাত আদায়কারী নিযুক্ত হলে তাকে ব্যক্তিগতভাবে কিছু হাদিয়া/উপঢৌকন হিসেবে দেওয়া যাবে না। ১০. নিজ চাকর-চাকরানীকে জাকাতের টাকায় বেতন-ভাতা দেওয়া যাবে না।
লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক