নানা ঘটনা কেন্দ্র করে কেউ কেউ আত্মহত্যা করছে। এর মধ্যে অভিমানে আত্মহত্যার খবরই পাওয়া যায় বেশি। কয়েক বছর ধরে আবার পরীক্ষায় ফেল কিংবা কাঙ্ক্ষিত ফল না পেয়েও কাউকে আত্মহত্যা করতে দেখা গেছে। মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমে সেসবের খবর চোখে পড়ার মতো ব্যাপার। আত্মহত্যা সম্পর্কে ইসলাম কী বলে, তা কি আমাদের জানা আছে? দুনিয়ার সামান্য কষ্ট থেকে বাঁচতে আত্মহত্যাকারী অনন্তকালের কষ্টে পতিত হচ্ছে। চিরকালের জন্য জাহান্নামের অধিবাসী হচ্ছে।
ইসলামে আত্মহত্যা মহাপাপ, কবিরা গুনাহ। আত্মাহত্যা হারাম। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু এবং যে কেউ সীমা লঙ্ঘন করে আত্মহত্যা করবে তাকে আগুনে দগ্ধ করব, এটা আল্লাহর পক্ষে সহজ।’ (সুরা নিসা, আয়াত: ২৯,৩০)
আল্লাহতায়ালা বলেন, ‘তোমরা নিজের হাতে নিজেদের জীবনকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না।’ (সুরা বাকারা, আয়াত: ১৯৫) রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে, সে জাহান্নামে (এমনভাবে) নিজেকে ফাঁস লাগাতে থাকবে। যে বর্শার আঘাতে আত্মহত্যা করবে, সে জাহান্নাম (এমনভাবে) বর্শা বিঁধতে থাকবে। (বুখারি, হাদিস: ১৩৬৫)
ধৈর্যহারা হয়ে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। তবে ইসলামের শিক্ষা হলো, মানুষ বিপদে-আপদে ধৈর্যহারা হবে না। সব সময় আল্লাহর ওপর ভরসা করবে। আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ যাবতীয় অপরাধ মার্জনা করেন।’ (সুরা জুমার, আয়াত: ৫৩)
লেখক: আলেম