শায়খ আবু সাদ (রহ.) বলেন, স্বপ্নে রোজা দেখার ব্যাখ্যার ব্যাপারে স্বপ্নবিশারদদের মাঝে মতানৈক্য রয়েছে। কারও মতে, স্বপ্নে নিজেকে রমজান মাসে রমজানের রোজা রাখতে দেখা, খাদ্য ঘাটতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির আলামত। কেউ বলেছেন, এই স্বপ্ন স্বপ্নদ্রষ্টার ঋণ পরিশোধ, রোগ থেকে আরোগ্য, চিন্তা দূর এবং দ্বীন বিশুদ্ধ হওয়ার প্রতীক।
পূর্ণ রমজান মাস রোজা রাখতে দেখলে, স্বপ্নদ্রষ্টা যদি কোনো সন্দেহের মধ্যে পড়ে থাকে, তা হলে এর দ্বারা ওই সন্দেহ দূর হওয়া বোঝাবে। নিরক্ষর ব্যক্তি স্বপ্নে রমজানের রোজা রাখতে এবং তা পূর্ণ করতে দেখলে, সে পবিত্র কোরআন হিফজ করতে পারবে।
রমজান মাসে জেনে-শুনে রোজা ভাঙতে দেখলে, স্বপ্নদ্রষ্টা শরিয়তের কোনো বিধানকে অবজ্ঞা করবে। রোজার মর্মার্থ স্বীকার করে তা কাজা করার ইচ্ছা করতে দেখা, এমন জায়গা থেকে তাৎক্ষণিক রিজিক লাভের লক্ষণ, যেখান থেকে রিজিক আসার কোনো ধারণাই স্বপ্নদ্রষ্টার ছিল না। কারও মতে, রোজার মধ্যে দিনের বেলায় ইফতার করতে দেখলে, স্বপ্নদ্রষ্টা আল্লাহতায়ালারর সন্তুষ্টি লাভে সফর করবে। কারণ, আল্লাহতাআলা বলেছেন, ‘তোমাদের মধ্যে যারা অসুস্থ বা সফরে আছে, তারা অন্য সময়ে তা পূরণ করবে।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৪)
কারও মতে, রমজানের দিনের বেলায় ইচ্ছাকৃতভাবে ইফতার করতে দেখলে, স্বপ্নদ্রষ্টা ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ হত্যা করবে। ইচ্ছাকৃতভাবে কোনো ঈমানদারকে হত্যা করতে দেখলে, সে রমজান মাসে ইচ্ছাকৃতভাবে দিনের বেলায় ইফতার করবে।
(স্বপ্নের ব্যাখ্যাবিদ মুহাম্মাদ ইবনে সিরিনের বিখ্যাত বই তাফসিরুল আহলাম বা স্বপ্নের ব্যাখ্যা থেকে সংক্ষেপিত)
লেখক: আলেম ও সাংবাদিক