পবিত্র কোরআনে ফজিলতপূর্ণ বিশেষ কিছু আয়াত ও সুরা আছে। এসবের মধ্যে আয়াতুল কুরসি অন্যতম। একাধিক হাদিসে আয়াতুল কুরসি পড়ার তাগিদ দেওয়া হয়েছে। কেননা এর সঙ্গে রয়েছে আধ্যাত্মিক, মানসিক এবং দৈনন্দিন জীবনে কল্যাণকর প্রভাব। এ সংক্রান্ত কয়েকটি বিষয় উল্লেখ করা হলো।
নামাজের পর আয়াতুল কুরসি
দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা সুন্নত। রাসুলুল্লাহ (সা.) নিয়মিত এই আমল করতেন। অন্যদের পড়তে উৎসাহিত করতেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে প্রবেশ করতে শুধু মৃত্যুই বাধা হয়ে থাকবে। অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে।’ (নাসায়ি, হাদিস: ১০০, তাবারানি, কাবির, হাদিস: ৭৪০৮)
আরও পড়ুন: মসজিদের ভেতর জানাজার নামাজ পড়া যাবে?
আয়াতুল কুরসির বরকত
প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ শুধুমাত্র জান্নাতের পথে সহজতা সৃষ্টি করে না; বরং দৈনন্দিন জীবনের অশান্তি, মানসিক অস্থিরতা এবং শয়তানের প্রভাব থেকে সুরক্ষা দেয়। আবু হুরায়রা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) আমাকে রমজানের জাকাত (সাদকাতুল ফিতরের) হেফাজতের দায়িত্ব দেন। এরপর আমার কাছে এক আগন্তুক আসল। সে তার দুহাতের কোষ ভরে খাদ্যশস্য গ্রহণ করতে লাগল। আমি তাকে ধরে বললাম, আমি অবশ্যই তোমাকে রাসুলুল্লাহ (সা.)-এর কাছে নিয়ে যাব। তখন সে একটি হাদিস উল্লেখ করল এবং বলল, যখন তুমি বিছানায় শুতে যাবে, তখন আয়াতুল কুরসি পড়বে। তাহলে সর্বদা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন হেফাজতকারী থাকবে এবং ভোর হওয়া পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না। রাসুলুল্লাহ (সা.)-কে এ ঘটনা শুনালে তিনি বললেন, ‘সে তোমাকে সত্য বলেছে, অথচ সে মিথ্যাবাদী এবং শয়তান ছিল।’ (বুখারি, হাদিস: ৩০৪৫)
আয়াতুল কুরসিতে ইসমে আজম
আল্লামা ইবনে কাসির (রহ.) বলেন, এ আয়াতে ১০টি বাক্য রয়েছে। প্রতিটি বাক্যের সঙ্গেই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা রয়েছে। তাছাড়া আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম আছে। কাসিম (রহ.) বলেন, ‘আল্লাহর ইসমে আজম যা দিয়ে দোয়া করলে তা কবুল করা হয়, তা তিনটি সুরায় রয়েছে। সুরা বাকারা, সুরা আলে ইমরান ও সুরা তোহা।’ (ইবনে মাজা, হাদিস: ৩৮৫৬)
ইসমে আজমের প্রথম বাক্য, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। দ্বিতীয়টি হলো, ওয়া ইলা হুকুম ইলাহুন ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। তৃতীয়টি হলো, আলিফ-লাম-মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। (তিরমিজি, হাদিস: ৩৪৭৮)
লেখক: আলেম ও মাদরাসা শিক্ষক