বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের গ্রন্থ সম্মাননা-২০২৪ পেয়েছেন দৈনিক খবরের কাগজের ইসলাম বিভাগীয় প্রধান মিরাজ রহমান। দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ (সা.) বইয়ের জন্য গবেষণামূলক ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার পেয়েছেন। এ ছাড়া আরও নয়জন গ্রন্থ সম্মাননা ও তিনজন ফিচার সম্মাননা পেয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে এক অনুষ্ঠানে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) মহাসচিব মুফতি মাহফুজুল হক মিরাজ রহমানের হাতে এ সম্মাননা তুলে দেন।
ফোরাম সভাপতি কবি মুনীরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য লেখক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন, মাসিক আদর্শ নারীর সম্পাদক আবুল হাসান শামসাবাদী, লেখক অনুবাদক জুবাইর আহমদ আশরাফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রাব্বানী, বার্তা টুয়েন্টিফোরের সহকারী সম্পাদক ও ইসলামি লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুফতি এনায়েতুল্লাহ, ঢাকামেইলের বার্তা সম্পাদক ও ইসলামি লেখক ফোরামের সাবেক সভাপতি জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব, লেখক সাংবাদিক মাসউদুল কাদির প্রমুখ।
মিরাজ রহমান এর আগে তিন বছর রকমারি.কম বেস্টসেলার অ্যাওয়ার্ড ও ২০২৩ সালে বইফেরী অ্যাওয়ার্ড পেয়েছেন। এ ছাড়া আরও বেশ কিছু পুরস্কার পেয়েছেন তিনি।
আরও পড়ুন: লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা-২০২৪ পেলেন যারা
মিরাজ রহমান দৈনিক ডেসটিনি, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক বাংলাদেশের খবর ও প্রিয়.কমে কাজ করেছেন দীর্ঘদিন। দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামবিষয়ক অনলাইন পোর্টাল ‘প্রিয় ইসলাম’-এর সৃষ্টি ও পথচলা তারই হাতে। টেলিভিশনে অনুষ্ঠানের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে তিনি দৈনিক খবরের কাগজে ইসলাম বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
মিরাজ রহমানের লেখা বইয়ের সংখ্যা ১২টি। প্রোডাক্টিভ মুসলিম, মুসলিম সভ্যতার ১০০১ আবিষ্কার ও দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ (সা.)-এর মতো তিনটি বেস্টসেলার বইয়ের লেখক মিরাজ রহমান।
আরআর