সাম্প্রতিক সময়ে তরুণ-তরুণী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। হতাশা, একাকীত্ব এবং মানসিক চাপ যখন অসহনীয় হয়ে ওঠে, তখন অনেকে আত্মহননের মতো ভয়াবহ পথ বেছে নেন। কিন্তু আত্মহত্যা কোনো সমাধান নয়, বরং জীবনের প্রতি চরম পরাজয়। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, জীবনের প্রতি আশা হারানো উচিত নয়।
মনোবিজ্ঞানীদের মতে, মানসিক অস্থিরতা, হতাশা এবং ডিপ্রেশন হলো আত্মহত্যার প্রধান কারণ। মনে রাখবেন, যারা এই পথ বেছে নেয়, তারা পরিস্থিতির কাছে হেরে যাওয়া মানুষ। একজন সাহসী মানুষের কাজ হলো কঠিন পরিস্থিতিকে সাহসের সাথে মোকাবিলা করা। তাই আসুন, জেনে নিই কীভাবে আমরা মানসিক প্রশান্তি অর্জন করতে পারি এবং হতাশা থেকে মুক্তি পেতে পারি।
১. নিজের সীমানা বুঝুন
আমাদের জীবনে অনেক চাহিদা থাকে, কিন্তু সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। যা আপনার সাধ্যের বাইরে, তা নিয়ে অতিরিক্ত চিন্তা করে নিজের মনকে অস্থির করবেন না। যদি কোনো সমস্যার সমাধান আপনার হাতে থাকে, তবে সর্বাত্মক চেষ্টা করুন। কিন্তু যদি তা আপনার ক্ষমতার বাইরে হয়, তবে তা মেনে নেওয়া শিখুন। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা আপনার মানসিক শান্তি নষ্ট করে দেয়।
২. সমালোচনাকে পাত্তা দেবেন না
আপনার জীবনে এমন কিছু মানুষ সবসময় থাকবে যারা আপনার সমালোচনা করবে বা কটূ কথা বলবে। তাদের কথায় গুরুত্ব দিলে আপনার আত্মবিশ্বাস কমবে এবং মন খারাপ হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আমি তোমাদের একজনকে আরেকজনের জন্য পরীক্ষার মাধ্যম করেছি।’ (সুরা ফুরকান, ২০)। এর অর্থ, কিছু মানুষ আমাদের ধৈর্য পরীক্ষার জন্য থাকে। তাই তাদের নেতিবাচক কথাকে এড়িয়ে চলুন এবং নিজের লক্ষ্য পূরণে দৃঢ় থাকুন।
৩. অন্যের সাহায্যে এগিয়ে আসুন
যখন মন খারাপ থাকবে, তখন ঘরে একা বসে না থেকে বাইরে বেরিয়ে আসুন এবং অন্যের উপকারে নিজেকে নিয়োজিত করুন। নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করলে এক ধরনের আত্মতৃপ্তি ও আনন্দ অনুভব করা যায়। এর ফলে আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন নিঃসৃত হয়, যা আমাদের মনে সুখের অনুভূতি জাগায়। একজন সচেতন মানুষ হিসেবে অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
৪. ডিজিটাল স্ক্রিন থেকে বিরতি নিন
মন খারাপ থাকলে মোবাইল, ল্যাপটপ বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। কারণ এসব প্ল্যাটফর্ম অন্যের সুখের জীবনের ছবি দেখিয়ে আপনার হতাশা আরও বাড়িয়ে দিতে পারে। বরং বাইরে যান, প্রকৃতির মাঝে হাঁটুন, বন্ধুদের সাথে সময় কাটান, অথবা কোনো সামাজিক কাজে অংশ নিন। এতে আপনার মন প্রফুল্ল হবে এবং হতাশা কেটে যাবে।
৫. আল্লাহর জিকির ও কোরআন তেলাওয়াত করুন
আমাদের আত্মার মূল খাদ্য হলো আল্লাহর স্মরণ ও কোরআন। কোরআন আমাদের হৃদয়ের প্রশান্তি এনে দেয়। আল্লাহতায়ালা বলেছেন, ‘জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়।’ (সুরা রাদ, ২৮)। তাই নিয়মিত কোরআন তেলাওয়াত করুন, এর অর্থ বুঝুন এবং আল্লাহর জিকির করুন। এতে আপনার হৃদয় শান্ত হবে এবং মনোবল বৃদ্ধি পাবে।
জীবন আল্লাহর এক অমূল্য উপহার। কোনো হতাশার কারণে নিজেকে শেষ করে দেওয়া কোনো সমাধান হতে পারে না। বরং ধৈর্য ধরুন, আল্লাহর ওপর ভরসা রাখুন এবং ইতিবাচক মনোভাব নিয়ে সামনের দিকে এগিয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে মানসিক শান্তি দান করুন।
লেখক: আলেম ও সাংবাদিক