রমজান মাস শুধু রোজা রাখার মাস নয়; এটি একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণের মাস। একজন মানুষ কীভাবে সময় মেনে চলবে, কীভাবে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করবে, কীভাবে পরিকল্পনা মাফিক আমল করবে এবং জীবনযাপন করবে—রমজান আমাদের তা হাতে-কলমে শেখায়। তাই বলা যায়, রমজান হলো সুশৃঙ্খল জীবনধারা গঠনের একটি বাস্তব প্রশিক্ষণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাস।
১. সময় ব্যবস্থাপনার শিক্ষা: রমজানে প্রতিটি কাজ নির্দিষ্ট সময়ের সঙ্গে সম্পর্কিত—সাহরি, ইফতার, পাঁচ ওয়াক্ত নামাজ, তারাবিসহ সব আমল নির্দিষ্ট সময়ে পালন করতে হয়। এতে মানুষ সময়ের মূল্য বুঝতে শেখে এবং জীবনকে সুশৃঙ্খল করার দীক্ষা গ্রহণ করতে পারে।
২. আত্মসংযম ও ইচ্ছা নিয়ন্ত্রণ: রমজানে দিনের বেলায় হালাল খাবার-পানিও পরিহার করতে হয়। এটি আত্মসংযমের সর্বোচ্চ অনুশীলন। যখন মানুষ ক্ষুধা ও পিপাসা সহ্য করতে শেখে, তখন সে রাগ, লোভ, অলসতা ও খারাপ অভ্যাসও নিয়ন্ত্রণ করতে পারে। এটি ব্যক্তিত্বকে শৃঙ্খলিত করে।
৩. নিয়মিত ইবাদতের অভ্যাস: রমজানে ইবাদতের মাত্রা বেড়ে যায় এবং ধারাবাহিকভাবে বা নিয়মিত ইবাদত পালন করতে হয়। নিয়মিত ইবাদত মানুষের মধ্যে ধারাবাহিকতা তৈরি করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যে আমল নিয়মিত করা হয়, যদিও তা সামান্য হয়। (বুখারি)
এ হাদিস প্রমাণ করে, ছোট হলেও নিয়মিত কাজ করার অভ্যাসই সফলতার চাবিকাঠি। রমজান সেই ধারাবাহিকতার চর্চা করায়।
৪. খাদ্যাভ্যাসে ভারসাম্য: রমজানে মানুষ বুঝতে পারে, সারা দিন না খেয়েও জীবন চলে। এতে অপ্রয়োজনীয় খাওয়া কমে এবং খাবারে সংযম আসে। আল্লাহতায়ালা এরশাদ করেছেন, তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না (সুরা আরাফ, ৩১)। অপচয় পরিহার ও পরিমিত খাদ্য গ্রহণ একটি সুস্থ ও সুশৃঙ্খল জীবনের অংশ।
৫. সামাজিক দায়িত্ববোধ ও সহমর্মিতা: রমজানে জাকাত, ফিতরা ও দান-সদকা দেওয়ার গুরুত্ব বাড়ে। এতে ধনী-গরিবের দূরত্ব কমে এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত হয়। দান করার অভ্যাস মানুষকে স্বার্থপরতা থেকে বের করে আনে এবং সামাজিকভাবে দায়িত্বশীল করে তোলে, যা মানুষের জীবনকে সুশৃঙ্খল বানাতে সাহায্য করে।
৬. ঘুম ও দৈনন্দিন রুটিনের শৃঙ্খলা: সাহরির জন্য ভোরে ওঠা, রাতের ইবাদত করা—এসব অভ্যাস দৈনন্দিন রুটিনকে সাজিয়ে দেয়। ভোরে ওঠা মানুষের উৎপাদনশীলতা বাড়ায়—এটি আধুনিক গবেষণাতেও প্রমাণিত। রমজান মানুষকে অলসতা ত্যাগ করতে শেখায়।
৭. খারাপ অভ্যাস ত্যাগের সুযোগ: অনেকে রমজানে ধূমপান, গালি বা অন্য খারাপ অভ্যাস ছেড়ে দেন। এক মাসের নিয়মিত অনুশীলন এই অভ্যাসগুলো স্থায়ীভাবে ছাড়তে সাহায্য করতে পারে। একজন মানুষের জীবনকে সুশৃঙ্খল করতে এ প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।
৮. লক্ষ্য নির্ধারণ ও আত্মমূল্যায়নের অভ্যাস: রমজানে অনেকেই কোরআন খতমের লক্ষ্য ঠিক করেন, নির্দিষ্ট সংখ্যক রাকাত নামাজ পড়েন বা প্রতিদিন দান করার পরিকল্পনা করেন। এতে মানুষ লক্ষ্য নির্ধারণ ও তা বাস্তবায়নের অনুশীলন করে। রমজানে প্রতিদিন নিজের আমল যাচাই করার অভ্যাস গড়ে ওঠে, যা ব্যক্তিগত উন্নতির জন্য অত্যন্ত কার্যকর।
৯. ধৈর্য ও সংকট মোকাবিলার মানসিক শক্তি বৃদ্ধি: সারা দিন ক্ষুধা-পিপাসা সহ্য করা সহজ নয়। কিন্তু রমজান মানুষকে ধৈর্য (সবর) শেখায়। ধৈর্য জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন—কর্মক্ষেত্র, পরিবার, ব্যবসা, পড়াশোনা। যে ব্যক্তি নিজের ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে, সে রাগ, হতাশা ও দুশ্চিন্তাও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এটি একটি পরিপক্ব ও ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব গড়ে তোলে।
১০. আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধি: রমজানে একজন মানুষ প্রতিনিয়ত সচেতন সিদ্ধান্ত নেয়—আমি খাব না, আমি খারাপ কথা বলব না, আমি সময়মতো নামাজ পড়ব। এই সচেতন সিদ্ধান্ত গ্রহণের অভ্যাস মস্তিষ্ককে শৃঙ্খলিত করে। রমজান সেই পরিবর্তনের অনুশীলন করায়। আত্মনিয়ন্ত্রণ যত শক্তিশালী হয়, জীবন তত সুশৃঙ্খল হয়।
রমজান আমাদের শেখায়—সময় মেনে চলা, নিয়মিত কাজ করা, আত্মসংযম, পরিমিত খাদ্যাভ্যাস ও সামাজিক দায়িত্ববোধ। এক মাসের এই প্রশিক্ষণ যদি আমরা বছরের বাকি সময়েও ধরে রাখতে পারি, তবে আমাদের জীবন হয়ে উঠবে আরও সুশৃঙ্খল ও সফল। সত্যিই, রমজান শুধু একটি মাস নয়; এটি একটি জীবন গঠনের কর্মশালা।
বি.দ্র. রমজানের রোজা ইসলামের ফরজ বিধান। আল্লাহতায়ালার হুকুম ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত হিসেবে রোজা রাখতে হবে। জাগতিক কোনো উদ্দেশ্য বা উপকারিতার নিয়তে রোজা রাখলে তা সহিহ হবে না। তবে আল্লাহতায়ালার হুকুম ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত হিসেবে রোজা রাখলে অতিরিক্ত হিসেবে বিভিন্ন উপকারিতা অর্জন হবে, ইনশা আল্লাহ।
লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক