পবিত্র রমজান উপলক্ষে যুদ্ধবিধ্বস্ত গাজায় রোজাদারদারদের পাশে দাঁড়িয়েছে ডাক্তার এস এম আলাউদ্দিন ফাউন্ডেশন। সংস্থাটির উদ্যোগে উত্তর গাজার হায়্যুর রিমালে রোজাদার পরিবারগুলোর মাঝে ইফতারির পাশাপাশি সুপেয় পানি বিতরণ করা হয়।
মানবিক এ কার্যক্রমের সমন্বয় করেছেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী আহমাদুল্লাহ আল জামী।
তিনি বলেন, গাজা উপত্যকায় এই সময়ে চরম পানির সঙ্কট চলছে। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে পবিত্র রমজান মাসজুড়ে যুদ্ধবিধ্বস্ত গাজা ও সংকটাপন্ন সুদানে মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সে ধারাবাহিকতায় ডাক্তার এস এম আলাউদ্দিন ফাউন্ডেশনের সহায়তায় উত্তর গাজার হায়্যুর রিমালে রোজাদার পরিবারগুলোর মাঝে ইফতারির পাশাপাশি পানি বিতরণ করা হয়।
তিনি বলেন, মূল সাপ্লাই বন্ধ থাকার কারণে অনেক দূর থেকে পানি এনে বিতরণ করতে হয়েছে। কষ্ট হলেও আমাদের টিম গাজাবাসীর দূর্দশা দূর করতে সবার সহযোগীতায় সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।
ডাক্তার এস এম আলাউদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি তানজিল আমির বলেন, রাসুল (সা.) মুসলিম জাতিকে একটা দেহের সঙ্গে তুলনা করে বলেছেন, ‘পারস্পরিক ভালোবাসা, দয়া-মায়া ও স্নেহ-মমতার দিক থেকে গোটা মুসলিম সমাজ একটি দেহের মতো। যদি দেহের কোনো বিশেষ অঙ্গ অসুস্থ হয়ে পড়ে, তাহলে অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গেও তা অনুভূত হয়। অর্থাৎ মুমিনরা একে অপরের প্রতি সহমর্মী হওয়া, বিপদে একে অপরের পাশে দাঁড়ানো- এটিই সত্য ধর্ম ইসলামের শিক্ষা ও প্রত্যাশা। তাই গাজার মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সে দায়িত্ব পালনে আমরা সবার চেষ্টা করা উচিত।
উল্লেখ্য, নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক মেডিকেল অফিসার ডাক্তার এস এম আলাউদ্দিনের নামে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনটি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে।
সংস্থাটির উদ্যোগে ২০১৭ সালে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরে শরণার্থীদের আশ্রয়ণ ও ২০২০ সালে করোনা মহামারীতেও ব্যাপক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে। এ ছাড়া ২০২৪ সালে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এলাকায় প্রবল বন্যায় বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে ডাক্তার এস এম আলাউদ্দিন ফাউন্ডেশন।