ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে মানুষের আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি অর্থনৈতিক স্বনির্ভরতাকেও অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। দারিদ্র্য বিমোচন, হালাল উপার্জন এবং আত্মনির্ভরশীল জীবন গঠন—এসব বিষয়ের প্রতি কোরআন, হাদিস এবং রাসুলুল্লাহ (সা.)-এর জীবনে সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে।
কোরআন মানুষকে পরিশ্রম করে জীবিকা অর্জনের প্রতি উৎসাহিত করেছে। আল্লাহতায়ালা এরশাদ করেছেন, মানুষের জন্য তা-ই রয়েছে, যা সে চেষ্টা করে। (সুরা নাজম, ৩৯)। এ আয়াত স্পষ্টভাবে জানিয়ে দেয়—অর্থনৈতিক উন্নতি বা স্বনির্ভরতা শুধু চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমেই সম্ভব। ইসলাম কখনো অলসতা বা পরনির্ভরশীলতাকে সমর্থন করে না।
আরেকটি আয়াতে আল্লাহতায়ালা এরশাদ করেছেন, নামাজ শেষ হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ (রিজিক) অনুসন্ধান করো। (সুরা জুমা, ১০)। এখানে ইবাদতের পাশাপাশি জীবিকা অর্জনের গুরুত্বও সমানভাবে তুলে ধরা হয়েছে। অর্থাৎ দুনিয়ার কাজ ও আখিরাতের প্রস্তুতির মধ্যে ভারসাম্য বজায় রাখাই ইসলামের শিক্ষা।
হালাল উপার্জনের গুরুত্ব ইসলাম অত্যন্ত জোর দিয়ে বর্ণনা করেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, হালাল উপার্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। (তাবারানি)। এ হাদিস থেকে বোঝা যায়, জীবিকা অর্জন শুধু দুনিয়াবি প্রয়োজন নয়; বরং এটি একটি ইবাদতও বটে, যদি তা হালাল পথে হয়।
রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, কেউ কখনো তার নিজের হাতের উপার্জনের চেয়ে উত্তম খাদ্য গ্রহণ করেনি। (বুখারি)। এ হাদিসে আত্মনির্ভরশীলতার গুরুত্ব অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। নিজের শ্রমে উপার্জিত রিজিকের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি।
রাসুলুল্লাহ (সা.)-এর জীবন নিজেই অর্থনৈতিক স্বনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। নবুওয়াত লাভের আগেই তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং সততা ও বিশ্বস্ততার কারণে আল-আমিন উপাধি অর্জন করেছিলেন। তিনি কখনো অন্যের ওপর নির্ভরশীল জীবন পছন্দ করেননি। বরং নিজে কাজ করে জীবিকা অর্জন করেছেন এবং অন্যদেরও তা করতে উৎসাহিত করেছেন। একবার এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে সাহায্য চাইলে তিনি তাকে ভিক্ষা না দিয়ে কাজ করার পরামর্শ দেন। তাকে একটি কুঠার দিয়ে বলেন, জঙ্গলে গিয়ে কাঠ কেটে বিক্রি করতে। এর মাধ্যমে তিনি বুঝিয়েছেন—মানুষের উচিত নিজের সম্মান বজায় রেখে পরিশ্রমের মাধ্যমে জীবিকা অর্জন করা।
ইসলাম দান-সদকার পাশাপাশি স্বনির্ভরতার শিক্ষাও দেয়। অর্থাৎ, কেবল সাহায্য গ্রহণ নয়; বরং এমনভাবে জীবন গড়ে তোলা, যাতে অন্যদের সাহায্য করা যায়। একজন শক্তিশালী ও স্বনির্ভর মুমিন সমাজের জন্য সম্পদ, আর দুর্বল ও পরনির্ভরশীল ব্যক্তি অনেক সময় বোঝা হয়ে দাঁড়ায়।
অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের জন্য শুধু আয় করাই যথেষ্ট নয়; বরং সঠিকভাবে ব্যয় করাও অত্যন্ত জরুরি। ইসলাম অপচয় ও অযথা খরচকে কঠোরভাবে নিরুৎসাহিত করেছে। আল্লাহতায়ালা এরশাদ করেছেন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। (সুরা বনি ইসরাইল, ২৭)। এ আয়াত আমাদের সতর্ক করে—অতিরিক্ত ভোগ-বিলাস ও অপ্রয়োজনীয় খরচ একজন মানুষকে ধীরে ধীরে অর্থনৈতিক দুর্বলতার দিকে ঠেলে দেয়।
আরও এরশাদ হয়েছে, তোমরা খাও, পান করো, কিন্তু অপচয় করো না। (সুরা আরাফ, ৩১)। অর্থাৎ ইসলাম মধ্যপন্থা অবলম্বনের শিক্ষা দেয়—না কৃপণতা, না অপব্যয়; বরং পরিমিত ও সচেতন ব্যয়। রাসুলুল্লাহ (সা.) নিজ জীবনে অত্যন্ত সংযমী ছিলেন। তিনি কখনো বিলাসী জীবনযাপন করেননি, বরং প্রয়োজন অনুযায়ী ব্যয় করেছেন এবং উদ্বৃত্ত সম্পদ দান করেছেন। তার এই জীবনাদর্শ আমাদের শেখায়—আয় বৃদ্ধি যেমন জরুরি, তেমনি ব্যয়ের ক্ষেত্রে সংযম ও পরিকল্পনাও স্বনির্ভরতার একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি।
অর্থনৈতিক স্বনির্ভরতা শুধু ব্যক্তিগত উন্নতির জন্য নয়; বরং এটি একটি শক্তিশালী উম্মাহ গঠনের অন্যতম ভিত্তি। যখন মুসলিমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, তখন তারা নিজেদের মর্যাদা রক্ষা করতে পারবে এবং অন্যদের কল্যাণেও ভূমিকা রাখতে পারবে। সংক্ষেপে, ইসলাম আমাদের শেখায়—পরিশ্রম করা, হালাল উপার্জন করা, আত্মনির্ভরশীল হওয়া এবং অন্যের ওপর অযথা নির্ভর না করা। কোরআন, হাদিস এবং রাসুলুল্লাহ (সা.)-এর জীবন থেকে আমরা যদি এই শিক্ষা গ্রহণ করি, তাহলে ব্যক্তি ও সমাজ—উভয় ক্ষেত্রেই আমরা সফল হতে পারব।
লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক