ইসলাম কেবল কিছু আচার-অনুষ্ঠানের সমষ্টি নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। আর এই জীবনবিধানের প্রায়োগিক রূপটিই হলো ফিকহ। সহজ কথায়, মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি বাঁকে তা ইবাদত হোক বা পারস্পরিক লেনদেন, আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী চলার যে আইনি কাঠামো, তার নামই ফিকহ। ইসলামি জ্ঞানকাণ্ডে (Islamic Epistemology) ফিকহ শাস্ত্রকে এমন এক বিশাল বৃক্ষের সাথে তুলনা করা হয়, যার শিকড় প্রোথিত ওহির ওপর আর ডালপালা বিস্তৃত মানবজীবনের প্রতিটি দিগন্তে।
একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নামাজ, রোজা, হজ, জাকাত থেকে শুরু করে বিবাহ, উত্তরাধিকার, বাণিজ্য এবং রাষ্ট্রীয় নীতি সবকিছুর সমাধান দেয় ফিকহ। এটি কেবল তত্ত্ব নয়, বরং প্রয়োগের বিজ্ঞান। জ্ঞানকাণ্ডে এটি একটি অ্যাকশন-ওরিয়েন্টেড ডিসিপ্লিন। কেননা কোরআন ও সুন্নাহ হলো ইসলামের মূল উৎস। কিন্তু এই উৎসগুলো থেকে সাধারণ মানুষের পক্ষে আইন বের করা কঠিন। ফকিহগণ তাঁদের মেধা ও ইজতিহাদের মাধ্যমে এই উৎসগুলোকে সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করে পেশ করেছেন। তাই ফিকহ হলো ওহির চেতনার এক বাস্তব প্রতিচ্ছবি।
ফিকহ শাস্ত্র কেবল অন্ধ অনুকরণের নাম নয়। এটি যুক্তি, বিচার-বুদ্ধি এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনার এক বিশাল ক্ষেত্র। ফিকহের মূলনীতি বা ‘উসুলে ফিকহ’ পড়তে গেলে বোঝা যায়, ইসলামি আইনতত্ত্ব কতটা আধুনিক এবং যুক্তিনির্ভর। এটি ইসলামি জ্ঞানকাণ্ডে মানুষের বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা ও গবেষণার দ্বার উন্মুক্ত রাখে।
সমাজ যখনই কোনো নতুন সংকটের মুখোমুখি হয়, ফিকহ তার সমাধান নিয়ে এগিয়ে আসে। বর্তমান বিশ্বের জটিল ব্যাংকিং ও লেনদেন ব্যবস্থায় ‘ইসলামি ফিকহ’ এক শক্তিশালী বিকল্প হিসেবে দাঁড়িয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে, অঙ্গ প্রতিস্থাপন বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মতো আধুনিক বিষয়ে ফিকহ তার সুচিন্তিত মতামত দিয়ে মানুষের পথচলা সহজ করে দিয়েছে। মানবাধিকার মতো মহত বিষয় নিয়েও শত শত বছর আগেই ফিকহ শাস্ত্র মানুষের জান, মাল, ইজ্জত ও ধর্মের নিরাপত্তার যে আইনি ফ্রেমওয়ার্ক তৈরি করেছে, তা আজও বিস্ময়কর।
আরো পড়ুন: প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের যে ১০ কারণে কোরবানি দেওয়া উচিত
ফিকহ শাস্ত্রের একটি বড় বৈশিষ্ট্য হলো এর ম্যাসলাহাত (জনকল্যাণ)। এটি কোনো পাথুরে বা জড় আইন নয়। স্থান-কাল-পাত্রভেদে ফিকহের প্রয়োগে ভিন্নতা আসতে পারে, যা ইসলামের চিরন্তন ও আধুনিক হওয়ার প্রমাণ দেয়। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি ও ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.)-এর বিভিন্ন মতাদর্শের বৈচিত্র্য এই শাস্ত্রকে সমৃদ্ধ করেছে, সংকীর্ণ করেনি। এটি যেন একটি বাগানের বিচিত্র সব ফুল, যার ঘ্রাণে পুরো মুসলিম উম্মাহ আমোদিত।
আরো পড়ুন: হজ না করলে ইসলামের দৃষ্টিতে শাস্তি কী?
ইসলামি জ্ঞানকাণ্ডের সুবিশাল অরণ্যে ‘ফিকহ’ যা অত্যন্ত সুপরিচিত ও গুরুত্বপূর্ণ পরিভাষা। শাব্দিক বিচারে এটি অত্যন্ত গভীর এবং অর্থবহ। আর ফিকহ কেবল কিছু শুষ্ক আইনি বিধানের নাম নয়, বরং এটি ওহির মর্মার্থ অনুধাবনের এক শৈল্পিক অনন্য পদ্ধতি। ফিকহ শাস্ত্রের প্রয়োগ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা অপরিহার্য।
লেখক: আলেম ও সাংবাদিক