বাংলাদেশ ও ভারতের মধ্যে চরম উত্তেজনা ও টানাপোড়েনের মধ্যে অবশেষে আশার আলো দেখা যাচ্ছে। গত কয়েক মাসে সম্পর্কের এই জটিল সমীকরণের মধ্যেই আগামী ৯ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের নিয়মিত বৈঠক। বৈঠকটি নিয়মিত বলা হলেও উভয় দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে, কূটনীতিকরা মনে করছেন এই বৈঠকই হবে এ মুহূর্তে ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলানোর টার্নিং পয়েন্ট। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র খবরের কাগজকে জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে এবারের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে সম্পর্কের বরফ গলানোই হবে বাংলাদেশের মূল টার্গেট। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া গত কয়েক মাসে অর্থাৎ ৫ আগস্টের পর দুই দেশের মধ্যে যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তা নিরসনে সব ধরনের চেষ্টা চালানো হবে। পাশাপাশি এই ভুল-বোঝাবুঝির কারণে যেসব বিষয়ে বাংলাদেশের উদ্বেগ ও ক্ষোভ রয়েছে, তা ভারতীয় প্রতিনিধিদলের সামনে বৈঠকে উপস্থাপন করা হবে। পারস্পরিক সমতা ও সম্মানের ভিত্তিতে ঢাকা-দিল্লি সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে। এ ব্যাপারে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের আগ্রহ ও উদ্যোগের বিষয়টি পরিষ্কার করা হবে। জানানো হবে, বর্তমান পরিস্থিতিতে এই সরকার সম্পর্ক স্বাভাবিক রাখতে আগ্রহী। গত কয়েক মাসে দিল্লির পক্ষ থেকে যেসব উদ্বেগ রয়েছে, তা নিরসনে আশ্বস্ত করা হবে।
সূত্র আরও জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে এবারের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ায় ঢাকা-দিল্লি সম্পর্কে যে জট লেগেছে তা উভয় দেশে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। উভয় দেশের রাজনৈতিক ও ধর্মীয় উত্তেজনা বেড়েছে। এ কারণে সম্পর্কের এই জট খুলতে বা বরফ গলাতে বাংলাদেশের পক্ষ থেকে নানাভাবে চেষ্টা করা হয়েছে। কিন্তু পারস্পরিক আস্থা ও বিশ্বাসের অভাবে সেই চেষ্টা সফল হয়নি বরং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক ও উসকানিমূলক প্রচার সরকারি পর্যায়ে সংকট নিরসনে উদ্যোগের পরিবেশ সৃষ্টিকে বাধাগ্রস্ত করেছে। অবশেষে সব বাধা পেছনে ফেলে দ্বিপক্ষীয় আলোচনার পরিবেশ তৈরির লক্ষ্যে দুই দেশ সম্মত হয়েছে। এই বৈঠকে দুই দেশের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন, সীমান্তহত্যা বন্ধ, চোরাচালান প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা হবে বলে জানায় সূত্র।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এই বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। বৈঠকে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রসচিব জসিম উদ্দিন।
পররাষ্ট্রসচিব পর্যায়ের এই বৈঠকটি ইতিবাচক বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, ৫ আগস্টের পর বাংলাদেশে যে বাস্তবতা তৈরি হয়েছে সেটি ভারতকে মেনে নিতে হবে। এই বাস্তবতায় তিক্ততা না বাড়িয়ে কীভাবে লাভবান হতে পারে উভয় দেশ সেদিকে নজর দিতে হবে। দুই দেশের মধ্যে তিক্ততা যত বাড়বে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তত উপেক্ষিত হবে এবং তৃতীয় পক্ষ সুযোগ নেবে। কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ ও আগরতলায় বাংলাদেশ মিশনে হিন্দু উগ্রপন্থিরা হামলা করেছে, যার প্রভাব সম্পর্কের ক্ষেত্রে পড়েছে। অথচ ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক থাকলে দুই দেশই যে লাভবান হবে, এই বিষয়টি অবশেষে বুঝতে পারায় বৈঠকে সম্মতি জানিয়েছে উভয় পক্ষ। এটাই প্রাথমিক অগ্রগতি। এরপর দুই দেশ বৈঠকে বসলে উভয়ের মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হবে। সমস্যাগুলো চিহ্নিত করে পরবর্তী পদক্ষেপ নিতে পারবে দুই দেশ।
ঢাকা-দিল্লি পররাষ্ট্রসচিব পর্যায়ের এবারের বৈঠককে খুবই ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর। তিনি বলেন, পররাষ্ট্রসচিব পর্যায়ের যে বৈঠক হতে যাচ্ছে তাতে দুই দেশের মধ্যে উত্তেজনা কমতে পারে। উভয় দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে এ ধরনের আলোচনা আরও চলতে থাকলে সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে। আরেকটি বিষয়, ভারত যদি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট মেনে নিয়ে বৈঠকে যোগ দেয় তাহলে সম্পর্কে গতিসঞ্চার হবে।
সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেছেন, ঢাকা-দিল্লি সম্পর্কে চলমান টানাপোড়েন নিরসনে আসন্ন পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে। কারণ সম্পর্ক স্বাভাবিক করতে ঢাকা ও দিল্লির পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। সম্পর্ক ভালো থাকলে উভয় দেশের স্বার্থ রক্ষিত হবে। বাইরে থেকে নানা ধরনের অপপ্রচার ও উসকানিতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এখন এসব বাদ দিয়ে আলোচনার টেবিলে ফিরে আসায় উভয় দেশের লাভ হবে।
আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ খবরের কাগজকে বলেন, ‘এই বৈঠকটি অনেক আগেই হওয়া উচিত ছিল। এ ধরনের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের উত্তেজনা বিষয়ে খোলামেলা আলোচনার সুযোগ রয়েছে। তবে বৈঠকে ভারসাম্য বজায় রেখে আলোচনা হতে হবে, না হলে শুধু একটি দলের সঙ্গে সম্পর্ক রাখলে কী হয়, তা আমরা দেখেছি।’ দুই দেশের মধ্যে অন্যান্য পর্যায়েও দ্রুত এ ধরনের আলোচনা শুরু করা উচিত বলে মন্তব্য করেন তিনি।