নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অধিনায়ক বাবরের দায়িত্বশীল ব্যাটিং এবং সাবেক অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির দারুণ বোলিংয়ে জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ে সিরিজে সমতা টেনেছে পাকিস্তান। ২-২ ব্যবধানে সিরিজ শেষ হয়েছে দুই দলের।
শনিবার (২৭ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯ রানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজ ২-২ এ ড্র করেছে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায় বৃষ্টির কারণে।
এর আগে, টসে হেরে ব্যাটিংয়ে নামে স্বাগতিক পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে তাদের স্কোরকার্ডে জমা হয় ১৭৮ রান। পাকিস্তানের হয়ে ৪৪ বলে সর্বোচ্চ ৬৯ রান করেন বাবর আজম। ৬টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি এই ইনিংস খেলার পথে। ফখর জামানের ব্যাটে আসে ৩৩ বলে ৪৩ রান। উসমান খান করেন ২৪ বলে ৩১। শেষদিকে ৫ বলে ১৫ রানের ক্যামিও ইনিংস খেলেন শাদাব খান। মাইকেল ব্রেসওয়েল ছাড়া বাকি ৫ বোলারের সবাই নেন ১টি করে উইকেট।
সেই লক্ষ্য জবাব দিতে নেমে ১৯.২ ওভারে ১৬৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। সাবেক অধিনায়ক শাহিন আফ্রিদি নেন ৪ উইকেট। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন টিম সেইফার্ট ৩৩ বলে। জোশ ক্লার্কসেনের ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান। আফ্রিদির ৪ উইকেট ছাড়া উসামা মিস নেন ২ উইকেট, শাদাব খান ও ইমাদ শিকার করেন ১টি করে উইকেট।
আফ্রিদি ৪ উইকেট নিতে ৪ ওভার বল করে দিয়েছেন ৩০ রান। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন তিনিই। সিরিজ সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন তিনি।