পাকিস্তান কিংবা আয়ারল্যান্ড দুই দলের কেউই নেই সুপার এইটে যাওয়ার দৌঁড়ে। গ্রুপ পর্বে এটি দুই দলেরই শেষ ম্যাচ। সেই ম্যাচে একে-অপরের মুখোমুখি হয়ে কেবল নিয়মরক্ষা ছাড়া কিছুই নয়। এর নিয়মরক্ষার ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
রবিবার (১৬ জুন) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। এই দুই দলের লড়াই হলেই সামনে চলে আসে ২০০৭ ওয়ানডে বিশ্বকাপের ম্যাচটির কথা। যেখানে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছিল আয়ারল্যান্ড। আর সেই পরাজয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায় তারা। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের কাছে ৩ ম্যাচের সিরিজে একটি ম্যাচ হেরেছিল পাকিস্তান।
টস জিতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, 'আমরা আগে ফিল্ডিং করবো। গেল তিনদিন ধরে উইকেট ঢাকা ছিল, কিছুটা আর্দ্রতা আছে। পেশাদার ক্রিকেটার হিসেবে আপনাকে প্রতি ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা আমাদের সেরাটা খেলার চেষ্টা করবো। আমদের একটাই ম্যাচ, নাসিমের পরিবর্তে একাদশে আব্বাস এসেছে।
টস হেরে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং বলেন, 'আমরাও ফিল্ডিং করতে চেয়েছিলাম। আশা করছি আমরা বোর্ডে কিছু রান যোগ করতে পারবো। পাকিস্তানের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেও সিরিজ জিততে পারিনি। বিশ্বকাপ ভিন্ন প্রেক্ষাপট তৈরি করে। আশা করছি আরেকটি দারুণ ম্যাচ হবে। ইয়ংয়ের পরিবর্তে দলে এসেছে বেন হোয়াইট।